...|...|...

জাতীয়

বিনামূল্যে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া, হবে দক্ষতা যাচাই: শ্রমমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১১
Shares
বিনামূল্যে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া, হবে দক্ষতা যাচাই: শ্রমমন্ত্রী

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শ্রমমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় পাঠানোর আগে দেশটির নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা নিশ্চিত করার পর মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে দেশটি থেকে বিভিন্ন খাতে শ্রমিকের চাহিদা পাওয়ার ভিত্তিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানো হবে।

চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, শুধু শ্রমিক পাঠানো সরকারের লক্ষ্য নয়; মালয়েশিয়ার নিয়োগদাতাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠাতে হবে। প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে তারা সেখানে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই নিয়োগদাতাদের চাহিদা আগে নির্ধারণ করে সেই অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার যেসব নিয়োগদাতা শ্রমিক নেবেন, তারা বাংলাদেশে এসে সরাসরি নিজেদের প্রয়োজন অনুযায়ী কর্মী বাছাই করবেন। নির্বাচিতদের এরপর মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এ কাজে বোয়েসেলের পাশাপাশি অনুমোদিত অন্যান্য রিক্রুটিং এজেন্সিকেও যুক্ত করা হবে।

তবে শ্রমিক পাঠানোর প্রক্রিয়ার সব কার্যক্রম এখনো শুরু হয়নি বলে জানান তিনি। শ্রমিকদের মেডিকেল পরীক্ষার প্রক্রিয়াও এখনো অনুমোদন করা হয়নি। মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিকের চাহিদাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

এর আগে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও হয়রানির অভিযোগ উঠেছিল। এবার এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার সতর্ক রয়েছে জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর মাধ্যমেই পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এদিকে বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের কথাও জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, চলতি বছরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হবে। এই সেন্টারের মাধ্যমে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে চাকরিপ্রার্থী এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মীর চাহিদার ডাটাবেস তৈরি করা হবে।

এ ছাড়া বিভিন্ন শিল্প খাতে কর্মীর চাহিদা নির্ধারণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থী খুঁজে নেওয়ার উদ্যোগ থাকবে।

চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করে মজুরি বোর্ড গঠন করা হবে বলেও জানান শ্রমমন্ত্রী।