দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০ হাজার কর্মীকে কোনো খরচ ছাড়াই বা ‘জিরো কস্টে’ মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে নির্বাচিত কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ ব্যবস্থায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
আবেদন করবেন যেভাবে
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের এখনই কোনো আবেদন করার প্রয়োজন নেই। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নিয়মে আবেদন করার সুযোগ দেওয়া হবে। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারি অনুমোদিত নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে নজর রাখতে হবে।
আবেদনের সময় সাধারণত বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার তথ্য, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সনদসহ কর্মসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন না করে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
টাকা দেওয়ার আগে সতর্ক থাকুন
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা না দেওয়ার জন্য আগ্রহী কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়। একইভাবে বিজ্ঞপ্তি প্রকাশের আগে কারও কথায় মেডিকেল পরীক্ষা করানো বা পাসপোর্ট জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্মীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মীদের অভিযোগ দ্রুত সমাধানে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ রয়েছে।
প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিস্তারিত নির্দেশনা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


