ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়ে সরকার রাশ টানবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি। একই সঙ্গে জুলাই আন্দোলনের পর অশ্লীল শব্দ ব্যবহারের প্রবণতা বেড়েছে উল্লেখ করে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব প্ল্যাটফর্মের বিষয়ে সরকার রাশ টানবে।
দেশের তেল ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে তেল-গ্যাসের সংকট চলছে। তবে সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় লং মার্চ করার কোনো কারণ নেই। একটি পক্ষ পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে একটি পক্ষ দেশকে আগের মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
জুলাই আন্দোলনের পর দেশে অশ্লীল শব্দ ব্যবহারের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের এই হুইপ। ভবিষ্যতে অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এ সময় ‘মিষ্টিকে’ বহিষ্কারের প্রসঙ্গও তুলে ধরেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘মিষ্টিকে’ বহিষ্কারের মধ্য দিয়ে সরকার সবার জন্য একটি কঠিন বার্তা দিতে চায়।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া বিভিন্ন নৈরাজ্যেরও সমালোচনা করেন জাতীয় সংসদের এই হুইপ।


