ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে ইসরায়েলি সেনা ইয়োনাতান চালিচের বিরুদ্ধে মামলা করেছে হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ)। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত গাজায় মোতায়েন থাকার সময় তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এইচআরএফ জানায়, চালিচ বর্তমানে ইতালির মধ্যাঞ্চলীয় অঞ্চল টাস্কানিতে ছুটি কাটাচ্ছেন। গাজায় দায়িত্ব পালনের সময় তিনি ৪০১তম আর্মার্ড ব্রিগেডের অধীনে গিভাতি শাকেদ ব্যাটালিয়নের ‘টাইকুন কোম্পানি’তে ছিলেন বলে দাবি করেছে ফাউন্ডেশনটি।
এইচআরএফের তদন্তে চালিচের সম্ভাব্য সম্পৃক্ততার তিনটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—২০২৪ সালের মার্চ ও এপ্রিল মাসে আল-শিফা হাসপাতাল অবরোধ ও ধ্বংসযজ্ঞ, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে হাজ হামদি হারজাল্লাহ মসজিদে হামলা এবং একই মাসে প্যালেস্টাইন স্কয়ার ধ্বংসের ঘটনা।
ফাউন্ডেশনের মহাপরিচালক দিয়াব আবু জাহজাহ বলেন, ইতালি, বিশেষ করে টাস্কানি, ফিলিস্তিনের প্রতি সংহতি ও ন্যায়বিচারের দাবির জন্য পরিচিত। তাঁর দাবি, গাজায় ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য ইতালির ভূমি নিরাপদ আশ্রয় হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, জবাবদিহিতার ক্ষেত্রে কোনো ‘ছুটি’ বা বিরতি থাকতে পারে না। গাজা থেকে টাস্কানি পর্যন্ত অপরাধের প্রমাণ কারও পিছু নিলে ন্যায়বিচারকেও তাঁর পিছু নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।


