ফিলিস্তিনের গাজায় ৮ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি অনুপযোগী অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। খবর আল-জাজিরার।
দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজাজুড়ে ২১ লাখ ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ এমন তাঁবুতে আশ্রয় নিয়েছে, যেগুলো বর্তমানে আর বসবাসের উপযোগী নেই।
আগামী শীতের আগে সোমবার গাজার গণমাধ্যম দপ্তর সম্ভাব্য মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, অনুপযোগী তাঁবুতে থাকা মানুষের মধ্যে পাঁচ লাখের বেশি শিশু রয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করে গাজায় দ্রুত ক্রেন, আবহাওয়া-সহনীয় তাঁবু, তাপ নিরোধক সামগ্রী এবং প্রয়োজনীয় আশ্রয় সরঞ্জাম প্রবেশের ব্যবস্থা করা হয়।
গাজার গণমাধ্যম দপ্তর বলেছে, পরিস্থিতি এখন সংকটজনক পর্যায়েরও বাইরে চলে গেছে। তারা ধ্বংসস্তূপ অপসারণ, অবকাঠামো পুনর্নির্মাণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সতর্ক করে আসছে যে, চলমান সংঘাতের মধ্যে গাজার মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকটে রয়েছে।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের আগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে দখলদার ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এসব অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।


