...|...|...

চট্টগ্রাম

কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩২
Shares
কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে খালেদা আক্তার (৭০) এবং তার ভাই বাচ্চু মিয়ার ছেলে মঞ্জুরুল আলম টিটু (৩৬)।

স্বজনরা বলেন, পৈত্রিক জমি সংক্রান্ত বিষয়ে খালেদা আক্তারের সাথে তার ভাই আবু মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিকালে খালেদা বাবার বাড়িতে এসে ভাইয়ের কাছে সম্পত্তি হিস্যা দাবি করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা তৈরি হয়।

এক পর্যায়ে আবু মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার বোনকে কোপাতে থাকেন। তা দেখে টিটু ফুফুকে বাঁচাতে এগিয়ে যান। তখন তাকেও কোপাতে থাকেন আবু মিয়া।

স্বজনরা দুজনকে পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত টিটুর স্ত্রীর বড় বোন হাজেরা আক্তার বলেন, “আবু মিয়া যখন তার বোনকে মারধর করছিল, তখন টিটু এগিয়ে গেলে তার উপরও হামলা চালানো হয়। আবু মিয়ার হামলায় দুজন নিহত হয়েছেন।”

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। দুজনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মাশরুরুল হক বলেন, “দুজন নিহতের কথা শুনেই ঘটনাস্থলে রওনা দিয়েছি। সেখানে পৌঁছানো ছাড়া কিছুই বলা যাচ্ছে না।”