...|...|...

জাতীয়

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, দুপুর ২:০৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৯
Shares
কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি

আইনি প্রক্রিয়া শেষে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত থেকে জামিন লাভ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত সোমবার (২৭ জুলাই) তার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত এবং পরবর্তীতে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি আনুষ্ঠানিকতা শেষে তিনি কারাগার থেকে মুক্তি পান।

কারামুক্তির পর সাবেক এই পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আইনি পথেই তিনি জামিন পেয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। তবে মামলার পরবর্তী আইনি পদক্ষেপ বা অন্যান্য বিষয়ে এই মুহূর্তে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট কূটনৈতিক ও আইনি সূত্র জানায়, বেনজীরের জামিন মঞ্জুর করার ক্ষেত্রে আদালত কয়েকটি কঠোর শর্ত বেঁধে দিয়েছে। এর মধ্যে রয়েছে- তার পাসপোর্ট আদালতের কাছে জমা থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র এবং উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানির পর আদালত এই শর্তে জামিনের রায় দেন।

তবে এ বিষয়ে দুবাইয়ের স্থানীয় কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা ও ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশের সহায়তায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটক করা হয়েছিল। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানায় দুবাই পুলিশ।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ক্ষমতার পরিবর্তনের কিছুকাল আগে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ উঠলে তিনি দেশ ছাড়েন এবং দুদক তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে।

সূত্র: এশিয়া পোস্ট