কানাডার পাল্টা শুল্কের জবাবে দেশটির কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে কানাডার অ্যালকোহলযুক্ত পানীয়, কিছু দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একগুচ্ছ নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বৈষম্যমূলক আচরণ’ করছে। এসব নিষেধাজ্ঞা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, তারা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে আগস্টের শেষ দিকে আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে বৈঠকের কোনো সময়সূচি নির্ধারিত হয়নি।
যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন কানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক। তিনি বলেন, কানাডার শ্রমিক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় সরকার কাজ করবে।
এর আগে কানাডার প্রধানমন্ত্রীও সতর্ক করে বলেছেন, বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে দেশটিকে ‘মূল্য দিতে হবে’।


