ইয়েমেনের হুথি গোষ্ঠীর একের পর এক হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির বরাতে আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের আভা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। হামলার পর কয়েকটি জ্বালানি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে জরুরি ও বিশেষায়িত দল কাজ শুরু করে এবং কিছু স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে রিয়াদ। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি হামলাগুলোকে ‘বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে উল্লেখ করে সৌদি সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি বলেন, হামলা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনীও সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে। দেশটির বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াইয়ের মধ্যেই সৌদিতে এসব হামলার ঘটনা ঘটল। ফলে দীর্ঘদিনের তুলনামূলক স্থিতিশীলতার পর ইয়েমেন সংঘাত আবারও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাত ২০২২ সালের এপ্রিল থেকে চলে আসা আপেক্ষিক শান্ত পরিস্থিতি ভেঙে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানা দখলের পর থেকেই ইয়েমেনে দীর্ঘস্থায়ী সংঘাত চলছে।


