...|...|...

বিশ্ব

উত্তপ্ত মধ্যপ্রাচ্য, সৌদি আরবে তারকাসমৃদ্ধ চলচ্চিত্র উৎসব বাতিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১২
Shares
উত্তপ্ত মধ্যপ্রাচ্য, সৌদি আরবে তারকাসমৃদ্ধ চলচ্চিত্র উৎসব বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মুখে এ বছরের লোহিত সাগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল) বাতিল করেছে সৌদি আরব। বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে এর আগে এমিলি ব্লান্ট, অ্যাড্রিয়েন ব্রডি, গুইনেথ প্যালট্রো ও মাইকেল কেইনের মতো হলিউড তারকারা উপস্থিত হয়েছেন।

প্রতিবছর সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী জেদ্দায় এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এ বছরও ডিসেম্বর মাসে উৎসবটি আয়োজনের কথা ছিল। তবে আয়োজকরা জানিয়েছেন, উৎসবটি আগামী বছরের শেষ দিকে আয়োজন করা হবে। তাদের ভাষায়, উৎসবটি যেন ‘উপযুক্ত সময় ও সঠিক পরিস্থিতিতে’ অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উৎসবে হলিউডের পাশাপাশি বলিউড ও আরব বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র তারকারাও অংশ নিয়ে থাকেন।
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত রয়েছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার রিয়াদে হামলার দায়ও হুতিরা স্বীকার করেছে। ওই হামলার ফলে সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়।

সংঘাতের বিস্তার ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যেই এলো সৌদি আরবের অন্যতম বড় আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিতের সিদ্ধান্ত।

সূত্র : ওয়াশিংটন পোস্ট।