দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে ইরানের ওপর পরিকল্পিত হামলা বাতিল করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে দ্রুত চুক্তিতে পৌঁছানোর সুযোগ দিতে তিনি হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প জানান, ইসরায়েলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, যুক্তরাষ্ট্র সপ্তাহান্তে ইরানের ওপর নতুন ও আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল।
এর আগে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ করে সতর্ক করে বলেছিল, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করা যেকোনো আঞ্চলিক দেশ ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে’।
ট্রাম্প তার পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি—এমন সামরিক শক্তি ও সক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে একটি চুক্তির সুযোগ দিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের।


