ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহীসহ একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমন্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। পথে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সংস্থাটি জানায়, উদ্ধারকারীরা জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করেছে এবং সেখানে একটি দল পাঠিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি ও নৌযান। আকাশপথের তুলনায় সমুদ্রপথ সাশ্রয়ী হওয়ায় দেশটির লাখো মানুষ নিয়মিত এ ব্যবস্থার ওপর নির্ভর করেন।
তবে ইন্দোনেশিয়ায় নৌযান নিরাপত্তা ব্যবস্থার দুর্বল প্রয়োগের কারণে অতীতে বড় ধরনের নৌদুর্ঘটনার ঘটনা ঘটেছে।


