...|...|...

বিশ্ব

সৌদির সামরিক ঘাঁটিতে হুথির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৬
Shares
সৌদির সামরিক ঘাঁটিতে হুথির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি , ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠি হুথি দাবি করেছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শারুরাহ এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি এক বিবৃতিতে জানান, সৌদি আরবের অব্যাহত হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। তার দাবি, হামলার লক্ষ্য ছিল ঘাঁটির অস্ত্রাগার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার।

সারি বলেন, “বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে। প্রতিটি আঘাত ছিল সুনির্দিষ্ট ও সরাসরি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের ওপর সৌদি হামলা অব্যাহত থাকলে আরও বড় ধরনের সামরিক পাল্টা জবাব দেওয়া হবে।

এর আগে ইয়াহইয়া সারি জানিয়েছিলেন, গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের সাতটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ১২৯টি হামলা চালিয়েছে। তার দাবি, এসব হামলার লক্ষ্য ছিল তাইজ, মারিব, হুদাইদাহ, আল-জাওফ, সা'দা, আমরান ও হাজ্জাহ অঞ্চল।

সারি অভিযোগ করেন, খামিস মুশাইত ও তাইফের সৌদি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান দিয়ে এসব হামলা চালানো হয়েছে।

এদিকে, ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে নিজেদের অগ্রগতির দাবিও করেছে ইয়েমেনি বাহিনী। তাদের দাবি, কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে তারা আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে।

ইয়েমেনি বাহিনী আরও দাবি করেছে, বাব আল-মানদাব প্রণালীতে অবস্থিত পেরিম দ্বীপ বা মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এর আগে পশ্চিম উপকূলীয় শহর মোখা দখলের পর এই অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয়।