চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা করছে। ইউটিউবের আদলে পরিচালিত প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক অ্যাপ পুনরায় চালুর পাশাপাশি ইংরেজি ভাষায় ওয়েবসাইট চালু এবং যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ গুরুত্বপূর্ণ বাজারে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিলিবিলি সম্প্রতি তাদের আগে বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক অ্যাপ নতুন করে চালু করেছে। পাশাপাশি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি ও নির্মাতাদের জন্য প্রকাশিত বিপণন সামগ্রীতে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করার উদ্যোগ
বিলিবিলি ইতোমধ্যে পশ্চিমা বিশ্বের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের তাদের মূল চীনা ভাষার প্ল্যাটফর্মে ভিডিও প্রকাশে উৎসাহিত করছে। এ তালিকায় জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্টও রয়েছেন।
প্ল্যাটফর্মটির দাবি, তাদের মূল সাইট বিশ্বজুড়ে ব্যবহার করা যায় এবং বর্তমানে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ।
বিশ্ববাজারে আরও জোরালোভাবে প্রবেশ করতে পারলে ইউটিউবের আধিপত্যের জন্য নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে বিলিবিলিকে কনটেন্ট সেন্সরশিপ, মডারেশন এবং ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে।
পাসপোর্ট ছাড়াই আন্তর্জাতিক অ্যাপে নিবন্ধন
নতুন করে চালু করা আন্তর্জাতিক অ্যাপে বিদেশি ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা পাসপোর্ট বা পরিচয়পত্রের তথ্য না দিয়েই অ্যাকাউন্ট খুলতে পারছেন।
বিশ্বের বিভিন্ন দেশের কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন অ্যাকাউন্টও চালু করা হয়েছে। সেখানে বিলিবিলি বিশ্ববাজারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের সাইটে কনটেন্টের ধরন একই থাকবে।
শিগগিরই আসছে ইংরেজি ওয়েবসাইট
বিলিবিলির নির্মাতাদের একটি অনলাইন কমিউনিটিতে শেয়ার করা সামগ্রীতে প্ল্যাটফর্মটিকে কনটেন্ট নির্মাতাদের আয় ও ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরির জায়গা হিসেবে তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক ব্যবহারকারীদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের স্পনসরড কনটেন্টের জন্য যোগাযোগের সুযোগ তৈরি করতে একটি মার্কেটপ্লেসও উন্নয়নের পর্যায়ে রয়েছে বলে।
এ ছাড়া নির্মাতাদের চীনা ওয়েবসাইটে ভিডিও প্রকাশের পদ্ধতি দেখানো হলেও সেখানে ইংরেজি সংস্করণ শিগগিরই আসছে।
যুক্তরাষ্ট্র-ইউরোপসহ বিভিন্ন দেশে নিয়োগ
বিশ্বব্যাপী সম্প্রসারণের অংশ হিসেবে বিলিবিলি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, যুক্তরাজ্যের লন্ডন, মেক্সিকোর মেক্সিকো সিটি, ব্রাজিলের সাও পাওলো, তুরস্কের ইস্তাম্বুল এবং জাপানের টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক একটি চাকরির বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাপী ‘এআই-চালিত কনটেন্ট মডারেশন সিস্টেম’ তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
বিলিবিলির এই সম্প্রসারণ সফল হলে চীনা ভিডিও প্ল্যাটফর্মটির আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী হওয়ার পাশাপাশি ইউটিউব ও অন্যান্য বৈশ্বিক ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতাও বাড়তে পারে।


