...|...|...

অপরাধ

আমিনবাজারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৭
Shares
আমিনবাজারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ছেলেও গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।

নিহত মো. আলতাব হোসেন (৫৮) ঢাকার মালিবাগে বিশেষ শাখার কার্যালয়ে কর্মরত ছিলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার মদিনা সিটি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আলতাব হোসেন পরিবার নিয়ে মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার দুই ছেলে ওই এলাকায় একটি ছোট পোশাক কারখানা পরিচালনা করেন।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় কারখানার পাশের একটি অটোরিকশা গ্যারেজের সামনে কয়েকজন ব্যক্তি এক ব্যক্তিকে মারধর করছিলেন। অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত হয় বলে তারা জানান।

এ সময় আলতাব হোসেন ঘটনাস্থলে গিয়ে মারধরের কারণ জানতে চান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে পরিবারের দাবি। একপর্যায়ে তিনি হামলার শিকার হন। নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে আলতাব হোসেন কারখানায় ফিরে গেলে তার ছেলে আরিফুল ইসলাম বিষয়টি জানতে বাইরে বের হন। পরিবারের অভিযোগ, কিছু সময়ের মধ্যে একটি ব্যক্তিগত গাড়িতে থাকা লোকজনের সাথে আরও কয়েকজন সেখানে জড়ো হন।

পরিস্থিতি দেখে বাবা ও ছেলে কারখানার ভেতরে গিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করেন। তবে হামলাকারীরা জোর করে কারখানায় প্রবেশ করে তাদের ওপর হামলা চালায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

হামলায় আরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন বলে স্বজনরা জানান। একই সময়ে আলতাব হোসেনকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বড় ছেলে শরিফুল ইসলামের অভিযোগ, একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি প্রায়ই তাদের কারখানার আশপাশে অবস্থান করতেন। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, আমিনবাজারের বড়দেশি এলাকায় এসবির এক সদস্য নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।