অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। সর্বশেষ নির্ধারিত এই দাম আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে পুরো মাস কার্যকর থাকবে।
জ্বালানি তেলের দাম সমন্বয়সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ১৩৫, ১৬৫, ১৬০ ও ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর ২০২৬ মাসের জন্য ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বাড়ার কারণ দেখিয়ে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়।
সে সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ২০২৬ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিস্থিতি তখনও অব্যাহত ছিল।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে সরকার দেশে দীর্ঘ সময় দাম বাড়ায়নি। এতে মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রাখা এবং জ্বালানি তেল পাচার রোধে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।



