আটজন শিক্ষক কর্মরত, অথচ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। সেই একমাত্র পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। ফলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটির এমন চিত্র উঠে এসেছে। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী রাজু আহমেদ একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলে পাসের তালিকায় নাম ওঠেনি তার।
জানা গেছে, ২০০২ সালে প্রতিষ্ঠিত মজিদবাড়িয়া কলেজ থেকে এ বছর শুধু রাজু আহমেদই এইচএসসি পরীক্ষায় অংশ নেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীসংকট থাকলেও চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে মাত্র একজনের ঘরে।
অন্যদিকে, কলেজটিতে কর্মরত রয়েছেন আটজন শিক্ষক। এতজন শিক্ষক থাকা সত্ত্বেও একমাত্র পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীসংকট নিয়ে প্রশ্ন উঠেছে।
কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পার হলেও এখনো এমপিওভুক্ত হয়নি প্রতিষ্ঠানটি। নেই নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে পাঠদান কার্যক্রম।
তিনি বলেন, এমপিওভুক্ত না হওয়া, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।


