দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর অনলাইন, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই অনলাইনে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত দুটি ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো-
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনে খুদে বার্তা বা এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে লিখতে হবে-
HSC DHA 123456 2026
এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর বসাতে হবে। এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
অর্থাৎ, এসএমএসের ফরম্যাট হবে: HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর 2026।
প্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে সব শিক্ষার্থীর ফলাফল শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
পুনর্নিরীক্ষণের আবেদন অনলাইনে করতে হবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও আবেদনপ্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।

