...|...|...

শিক্ষা

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ৮:১৬
Shares
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগামী রবিবার (১ নভেম্বর) থেকে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি ফি পরিশোধ করতে হবে।

এর আগে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

শুক্রবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।

যেভাবে আবেদন করবেন

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানানো হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যেসব বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।

শিক্ষাবোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। কোনো বিষয়ে দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। বিষয় নির্বাচন শেষ হলে পরবর্তী স্ক্রিনে মোট ফি কত দিতে হবে, তা দেখা যাবে।

যেভাবে ফি পরিশোধ করবেন

পুনঃনিরীক্ষণের আবেদন ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। পেমেন্ট সম্পন্ন করার বিস্তারিত নির্দেশনা জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন অনুসরণ করতে হবে।

ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এই ধাপ সম্পন্ন হলেই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হবে।

শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফি পরিশোধ করে একটি আবেদন জমা দেওয়ার পরও নতুন কোনো বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এ ক্ষেত্রে একই পদ্ধতিতে বিষয় নির্বাচন করে ফি পরিশোধ করতে হবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

আবেদন সংশোধন ও ফি ফেরতের নিয়ম

ফি পরিশোধের আগে আবেদন সংশোধন বা পরিবর্তনের সুযোগ থাকবে। এ জন্য ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে যেসব বিষয় নির্বাচন করা হয়েছে, কিন্তু ফি দেওয়া হয়নি, সেগুলো বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে কোনো বিষয়ের আবেদন ফি একবার জমা দেওয়া হলে সেই বিষয় আর বাতিল করা যাবে না। একইভাবে, কোনো অবস্থাতেই পরিশোধিত আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

শিক্ষাবোর্ড জানিয়েছে, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন সম্পূর্ণ অনলাইনভিত্তিক। এ কারণে সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।