২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকাকাণ্ডের জেরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রশাসনিক রদবদল অব্যাহত রয়েছে। সংস্থার আরও চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বিরকে বান্দরবান সরকারি কলেজ, অধ্যাপক ড. মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজ, অধ্যাপক মো. ইকবাল হায়দারকে পঞ্চগড় সরকারি কলেজ এবং সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলামকে খুলনার ব্রজলাল কলেজে (বিএল কলেজ) বদলি করা হয়েছে।
এনসিটিবি সূত্র জানিয়েছে, বদলিকৃতদের মধ্যে অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বির ও অধ্যাপক মো. ইকবাল হায়দার পাঠ্যবইয়ে ‘নৌকাকাণ্ড’ ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন। এর মধ্যে আব্দুল মুমিন মোছাব্বির প্রথম ও দ্বিতীয় শ্রেণির মূল বাংলা পাঠ্যবই প্রণয়নের দায়িত্বে ছিলেন।
এর আগে গত ২৫ ও ২৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এনসিটিবির আরও ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

