...|...|...

বিশ্ব

২০০ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল পাতায়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৮
Shares
২০০ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল পাতায়া

ছবি: সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পৌঁছানোর আগে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় যৌন ব্যবসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে স্থানীয় প্রশাসন। টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর বিনোদনের উদ্দেশ্যে রণতরীটির প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা সেখানে অবতরণ করবেন।

সোমবার (৩১ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে দুটি সহযোগী নৌযানসহ নোঙর করার কথা রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকনের।

বিপুলসংখ্যক মার্কিন সেনাসদস্যের আগমনকে কেন্দ্র করে পাতায়ায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহেই অভিযান চালিয়ে যৌন ব্যবসায় জড়িত সন্দেহে ৪০ থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ।

পাতায়া পুলিশের প্রধান আনেক স্রাথংইউ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। থাইল্যান্ডে আইনত নিষিদ্ধ হলেও ব্যাংকক ও পাতায়ার পর্যটন এলাকাগুলোতে যৌন ব্যবসা প্রকাশ্যে চলতে দেখা যায়।

গত বছরের নভেম্বরে স্যান ডিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল ইউএসএস আব্রাহাম লিংকন। পরবর্তীতে মধ্যপ্রাচ্যে সংঘাত চলাকালীন মার্কিন অভিযানে অংশ নেয় এটি। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে; এমনকি সম্প্রতি রণতরীটিতে আত্মহত্যার চেষ্টার মতো খবরও এসেছে।

পাতায়ার মেয়র পরামাসে নগামপিচেস জানান, সেনারা দিনে গড়ে ১ থেকে ৩ হাজার থাই বাত ব্যয় করতে পারেন, যা মন্দায় থাকা স্থানীয় পর্যটন ব্যবসার জন্য ইতিবাচক। তবে শিক্ষাবিদরা সতর্ক করে বলেছেন, এত বিপুল ক্রেতার আগমন যৌন শোষণ ও সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।