...|...|...

খেলা

১৯ ছক্কায় ১৮১, গেইলকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন প্রিয়াংশু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৮
Shares
১৯ ছক্কায় ১৮১, গেইলকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন প্রিয়াংশু

ছবি: সংগৃহীত

মাত্র ৬৮ বলে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশু আর্য। তার ব্যাট থেকে এসেছে ১৯টি ছক্কা ও ৭টি চার। ২৬৬.১৭ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে স্বীকৃত পুরুষদের টি-টোয়েন্টিতে ক্রিস গেইলকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তিনি। একই সাথে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন রেকর্ডও এখন তার দখলে।

সোমবার (২৪ নভেম্বর) ইন্দোরের দালি কলেজ মাঠে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েন দিল্লির প্রিয়াংশু। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে তার ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ইনিংসে ৫ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে দিল্লি।

প্রিয়াংশুর ১৮১ রানের মধ্যে ১৯টি ছক্কা থেকেই এসেছে ১১৪ রান। চার থেকে যোগ হয়েছে আরও ২৮ রান। অর্থাৎ সীমানার বাইরে বল পাঠিয়েই তিনি করেছেন ১৪২ রান। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পাওয়ারপ্লের মধ্যেই হাঁকান আটটি ছক্কা।

স্বীকৃত পুরুষদের টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় এখন প্রিয়াংশুর অবস্থান দ্বিতীয়। গত ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে অপরাজিত ১৮৮ রান করে শীর্ষস্থান দখল করেন টাইটানসের লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। তার চেয়ে সাত রান কম করে থামতে হয়েছে প্রিয়াংশুকে। মনিমরন সিদ্ধার্থের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

তবে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার। এর আগে ২০২১ সালে কিরণ নবগিরে ৭৬ বলে ১৬২ রান করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছিলেন। এবার ১৮১ রান করে সেই কীর্তি নিজের করে নিলেন প্রিয়াংশু।

ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তুলেছেন তিনি। মাত্র ১৮ বলে পূর্ণ করেন অর্ধশতক। ৩৬ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে, যা তার ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি শতক। এরপর মাত্র ২৪ বলের ব্যবধানে দেড়শ রানের মাইলফলকও স্পর্শ করেন।

গেইলের ১৭৫ রানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার মুহূর্তটিও ছিল দৃষ্টিনন্দন। তামিলনাড়ুর বোলার মনিমরন সিদ্ধার্থের পরপর দুই বলে প্রথমে চার, পরে ছক্কা হাঁকিয়ে গেইলের ১৭৫ রানের ইনিংসকে পেছনে ফেলেন তিনি। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল।

ছক্কার সংখ্যাতেও বিশ্বরেকর্ডের পাশে বসেছেন প্রিয়াংশু। এক ইনিংসে ১৯টি ছক্কা মেরে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। গত বছর মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ১৫১ রান করার পথে একই সংখ্যক ছক্কা মেরেছিলেন অ্যালেন।

এর আগে চলতি বছরের আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন প্রিয়াংশু। আইপিএলের ২০২৫ ও ২০২৬ আসরে পাঞ্জাব কিংসের হয়েও খেলেছেন এই ব্যাটসম্যান।