আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে সেনেগাল ও মরক্কোর বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে। সেনেগালের আপিলের বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। এই রায়ের ওপর নির্ভর করছে সেনেগালের কাছ থেকে কেড়ে নেওয়া শিরোপা তারা ফিরে পাবে, নাকি মরক্কোর চ্যাম্পিয়ন হওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।
সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে মঙ্গলবার রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে সিএএস। তবে কখন রায় ঘোষণা করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি আদালত।
গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফকন ফাইনালে অতিরিক্ত সময়ে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। কিন্তু ম্যাচের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় দুই মাস পর শিরোপা হারায় তারা।
ফাইনালের নির্ধারিত সময়ের শেষ দিকে সেনেগালের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এর প্রতিবাদে প্রায় ১৪ মিনিট মাঠের বাইরে ছিলেন সেনেগালের খেলোয়াড়েরা। দলের কয়েকজন সদস্য ড্রেসিংরুমেও চলে যান। পরে অবশ্য তারা মাঠে ফিরে খেলা শুরু করেন। মরক্কো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে গোল করে জয় নিশ্চিত করে সেনেগাল।
তবে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাকে ম্যাচ পরিত্যাগ হিসেবে বিবেচনা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড। তাদের সিদ্ধান্তে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সিএএফের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৫ মার্চ সিএএসে আপিল করে সেনেগাল। তাদের যুক্তি, মাঠের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তিনি খেলা শেষ করার অনুমতি দিয়েছিলেন। ফলে ম্যাচের ফল পরিবর্তন করে শিরোপা মরক্কোকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে দাবি তাদের।
গত অক্টোবরের শুরুতে সুইজারল্যান্ডের লুজানে সেনেগাল, মরক্কো ও সিএএফের যুক্তি শুনেছে সিএএস। শুনানির পর কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও পরে পূর্ণাঙ্গ আইনি ব্যাখ্যাসহ রায় প্রকাশের সিদ্ধান্ত নেয় আদালত। এ কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় লাগে।
সিএএসের এই রায় জাতীয় আদালতের রায়ের মতোই আইনি গুরুত্ব বহন করে। নিউইয়র্ক কনভেনশন অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় ক্রীড়া ফেডারেশন কিংবা রাষ্ট্রীয় আদালতের মাধ্যমে এ ধরনের রায় কার্যকর করা সম্ভব।
তিন সদস্যের বিচারক প্যানেলে সভাপতিত্ব করছেন ফরাসি ক্রীড়া আইন বিশেষজ্ঞ জেরাল্ড সিমন। অন্য দুই সদস্য হলেন ইতালির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ অধ্যাপক লুইজি ফুমাগাল্লি এবং জুরিখ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উলরিখ হাস।



