রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা নিকো পাজ এখন আর্জেন্টিনা জাতীয় দলের পরিচিত মুখ। এবার একই ক্লাবের আরেক তরুণ ফুটবলার কার্লোস দিয়েজকে জাতীয় দলে পেতে আগ্রহী আর্জেন্টিনা। তবে ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে স্পেনের সাথেও প্রতিযোগিতায় নামতে হচ্ছে তাদের।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র সাথে কথা বলার সময় দিয়েজকে দলে পাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে। চলতি নভেম্বরে তাকে অনুশীলনের জন্য দলে ডাকতে চাইলেও রিয়াল মাদ্রিদ ছাড়পত্র না দেওয়ায় তা সম্ভব হয়নি।
দিয়েজকে কেন চায় আর্জেন্টিনা
মাদ্রিদে জন্ম নেওয়া কার্লোস দিয়েজ রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের অধিনায়ক। স্প্যানিশ নাগরিকত্বের পাশাপাশি মায়ের সূত্রে তার আর্জেন্টিনার হয়েও খেলার সুযোগ রয়েছে। দুই দেশই তাকে জাতীয় দলে পেতে আগ্রহী। তবে এখন পর্যন্ত স্পেনের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে একটি ম্যাচ খেলেছেন তিনি।
রিয়ালের বয়সভিত্তিক দলে দারুণ সময় কাটছে দিয়েজের। লিগ, চ্যাম্পিয়নস কাপ, উয়েফা যুব লিগ ও অনূর্ধ্ব-২০ ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন। গত মৌসুমে করেছেন ২১ গোল। তার পারফরম্যান্স নজর কেড়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।
কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিককে ২-১ গোলে হারানোর পর ‘মার্কা’কে প্লাসেন্তে বলেন, ‘আমরা তার মান সম্পর্কে জানি। চেয়েছিলাম, ফিফার (নভেম্বর) বিরতিতে সে আসুক, যাতে দলের সাথে অনুশীলন করতে পারে।’
ইউরোপে বেড়ে ওঠা ফুটবলারদের দক্ষিণ আমেরিকার ফুটবলের সাথে পরিচিত করানোর গুরুত্বও তুলে ধরেছেন তিনি। দিয়েজকে দলে দেখার আগ্রহের কথা জানিয়ে প্লাসেন্তে বলেন, ‘আমার মনে হয়, যারা ইউরোপে খেলে বা ইউরোপে যাদের জন্ম, তাদের ফুটবল-জ্ঞানে নতুন কিছু যোগ করে দক্ষিণ আমেরিকার ফুটবল। আমরা তাকে (দলে) দেখতে চেয়েছি।’
দিয়েজকে নিয়ে সতর্ক স্পেনও
আর্জেন্টিনার হয়ে খেলার যোগ্যতা থাকা ইউরোপে জন্ম নেওয়া তরুণদের খুঁজে বের করতে কাজ করছে এএফএ। তাদের এই প্রকল্পের আওতায় থাকা ফুটবলারদের বলা হয় ‘ইউরোপিবেস’। দিয়েজও আছেন সেই তালিকায়।
আর্জেন্টিনার আগ্রহের খবর পেয়ে দিয়েজের ব্যাপারে সক্রিয় হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও। স্পেন অনূর্ধ্ব-২০ দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় তাকে রেখেছেন কোচ পাকো গ্যালার্দো। গত জানুয়ারিতে ইতালির বিপক্ষে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি প্রীতি ম্যাচে ৪৫ মিনিট খেলেছেন দিয়েজ।
তবে এখনো স্পেনের অনূর্ধ্ব-২০ দলের নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি তিনি। আগামী বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের প্রতিযোগিতা আরও বাড়তে পারে।
আর্জেন্টিনার পরিকল্পনায় দিয়েজ
আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা। এই টুর্নামেন্টের দলে দিয়েজকে রাখতে চায় আর্জেন্টিনা। এ জন্য নভেম্বরের ১১ থেকে ১৪ তারিখের মধ্যে তাকে অনুশীলনে যাচাই করতে চেয়েছিলেন প্লাসেন্তে।
দিয়েজ ছাড়াও রিয়াল মাদ্রিদের একাডেমিতে তার সাবেক সতীর্থ ব্রুনো গ্যালাসিও ছিলেন আর্জেন্টিনার নজরে। গত গ্রীষ্মে রিয়াল ছেড়ে ইতালির লাৎসিওতে যোগ দেওয়া এই ফুটবলার এরই মধ্যে আর্জেন্টিনার ডাকে সাড়া দিয়েছেন।
দিয়েজের ক্ষেত্রেও আশাবাদী এএফএ। কারণ, গত জানুয়ারির পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন তার ব্যাপারে নতুন কোনো প্রস্তাব দেয়নি। ফলে মায়ের দেশের হয়ে খেলার প্রতি আগ্রহী হতে পারেন তিনি।
নিকো পাজের সাথে মিল কোথায়
দিয়েজকে শুধু দ্বৈত নাগরিকত্বের কারণে দলে পেতে চায় না আর্জেন্টিনা। ফুটবলার হিসেবেও তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মূলত বক্স-টু-বক্স মিডফিল্ডার হলেও মাঝমাঠের একাধিক পজিশনে খেলতে পারেন। দুই পায়েই সমান দক্ষতা, আক্রমণে ওঠার পাশাপাশি রক্ষণ সামলানোর সামর্থ্যও রয়েছে তার।
আদর্শ ফুটবলার হিসেবে লুকা মদরিচকে অনুসরণ করেন দিয়েজ। ক্রোয়াট তারকার মতো মাঝমাঠের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। তার পছন্দের জার্সি নম্বরও ১০।
রিয়ালের একাডেমিতে নিকো পাজ ও দিয়েজ দুজনই আলভারো আরবেলোয়ার অধীনে অনুশীলন করেছেন। এরই মধ্যে স্পেনে দিয়েজকে পাজের সাথে তুলনা করা হচ্ছে। গত এপ্রিলে ব্রুগাকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা যুব লিগ জেতা রিয়ালের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি।
ট্রফি জয়ের পর উদ্যাপনেও ছিল মেসির ছাপ। ২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসির জনপ্রিয় হয়ে ওঠা উদ্যাপনের ভঙ্গি অনুকরণ করেছিলেন দিয়েজ। তবে নিকো পাজের মতো আর্জেন্টিনার জার্সিতে জায়গা করে নিতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।



