ঘরের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। পুরো ম্যাচ খেলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি নেইমার জুনিয়র। মৌসুমের শেষ দিকে এসে এই পরাজয়ে লিগে সান্তোসের অবস্থান যেমন চাপে পড়েছে, তেমনি আলোচনায় এসেছে ক্লাবটির সাথে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টিও।
সোমবার (২৩ নভেম্বর) সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় সান্তোস ও গ্রেমিও। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে স্বাগতিকরা। তবে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি নেইমারের দল।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু তার নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতন। ১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় সফরকারীরা।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও ব্যবধান কমাতে পারেনি সান্তোস। নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়ালেও রেফারির অনুমতি পাওয়ার আগেই শট নেওয়ায় গোলটি বাতিল হয়। পরে একই জায়গা থেকে নেওয়া ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সান্তোস। নেইমারও সতীর্থদের নিয়ে বেশ কয়েকবার আক্রমণ সাজান। তবে গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতনের দৃঢ়তায় প্রতিবারই ব্যর্থ হয় স্বাগতিকরা। ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গ্রেমিওর জয় নিশ্চিত করেন ডেনমার্কের স্ট্রাইকার মার্টিন ব্রেইথওয়েট।
এই পরাজয়ের পর ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগের নবম স্থানেই রয়েছে সান্তোস। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে খেলার যোগ্যতা অর্জনের পথও কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। অন্যদিকে জয়ের সুবাদে ৪১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে গ্রেমিও।
মাঠের ব্যর্থতার পাশাপাশি সান্তোসে নেইমারের থাকা না-থাকা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্লাবটিরসাথে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দুই পক্ষ।
আগামী ১২ ডিসেম্বর সান্তোসের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর তাদেরসাথে আলোচনার ভিত্তিতেই নেইমারের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসে থাকার সম্ভাবনা রয়েছে এই তারকার। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সান্তোসের হয়ে আরও দুটি লিগ ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। আগামী ২৯ নভেম্বর ভিটোরিয়া এবং ২ ডিসেম্বর বোটাফোগোর বিপক্ষে মাঠে নামবে দলটি। এই ম্যাচগুলো শেষ হওয়ার পরই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও গুরুত্ব পেতে পারে।
সব মিলিয়ে মৌসুমের শেষ ভাগে কঠিন সময় পার করছে সান্তোস। একদিকে মাঠের ফল নিয়ে হতাশা, অন্যদিকে দলের সবচেয়ে বড় তারকাকে ধরে রাখার চ্যালেঞ্জ। আগামী মৌসুমেও নেইমারকে সান্তোসের জার্সিতে দেখা যাবে কি না, এখন সেটিই বড় প্রশ্ন।



