হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ওই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে তারা দাবি করেছে, ওমান উপকূলের দক্ষিণ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
আল জাজিরার বরাত দিয়ে ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পর আরও দুটি জাহাজ দ্রুত ফিরে যায়।
আইআরজিসির দাবি, তিনটি জাহাজই যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত হচ্ছিল এবং তারা হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা একটি পথ ব্যবহার করে অতিক্রম করার পরিকল্পনা করেছিল।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, "হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ততক্ষণ এই প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কোনো তেলবাহী ট্যাংকার এখানে প্রবেশ বা প্রস্থান করতে পারবে না।"
এছাড়া তারা আরও দাবি করেছে, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা যেকোনো জাহাজ একই ধরনের পরিণতির মুখোমুখি হবে।
তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিস্ফোরণের ঘটনায় কোনো আন্তর্জাতিক নৌ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দেশ তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক মন্তব্যও করেনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন হয়। ফলে এই জলপথ ঘিরে নতুন উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে প্রভাব ফেলতে পারে।


