...|...|...

বিশ্ব

স্ত্রীর ‘পরকীয়া’ কাজে লাগিয়ে ১ লাখ কোটি টাকার মালিক স্বামী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
স্ত্রীর ‘পরকীয়া’ কাজে লাগিয়ে ১ লাখ কোটি টাকার মালিক স্বামী

ছবি: সংগৃহীত

স্ত্রীর সাথে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের কথিত ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যেই সামনে এসেছে চীনা ব্যবসায়ী কাং ওয়েইয়ের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের তথ্য। সরকারি সহায়তায় দেশটির বিভিন্ন অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণ করেছেন তিনি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কাংয়ের ব্যবসায়িক নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

চীনের সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।

কাং ওয়েইয়ের স্ত্রী অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের সাথে যুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় তিনি এনভিডিয়ার তৎকালীন প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়ান। পাশাপাশি চীনে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ সরবরাহের সুযোগ তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করেন। অন্যদিকে, কাং চীনের বিভিন্ন এলাকায় সরকারি সহযোগিতায় ডেটা সেন্টার নির্মাণের ব্যবসা বিস্তৃত করেন।

কাংয়ের ব্যবসায়িক নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাংহাইভিত্তিক সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির মালিকানায় সাংহাইয়ের একটি সরকারি সংস্থার অংশ ছিল ১০ শতাংশ। এ ছাড়া কাংয়ের মূল ব্যবসাপ্রতিষ্ঠান হেক্সি ক্যাপিটালের বেসরকারি বিনিয়োগ শাখার একটি প্রতিষ্ঠানের মালিকানা ছিল ২৭ শতাংশ। অবশিষ্ট ৬৩ শতাংশ শেয়ার ছিল শেনজেনভিত্তিক তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেঞ্চুরি হুয়াতংয়ের হাতে। পরবর্তী সময়ে সেঞ্চুরি লংটেংয়ের নির্বাহী দায়িত্বে যুক্ত হন কাং।

২০২২ সালের শুরুর দিকে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে অংশীদারত্বের চুক্তি করে সেঞ্চুরি লংটেং। ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো ও কম্পিউটিং প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে ওই চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাংও উপস্থিত ছিলেন।

এরপর চীনের বিভিন্ন এলাকায় একাধিক বড় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে পূর্ব-মধ্য চীনের উহু শহরে ৪৫০ কোটি ডলার ব্যয়ে একটি কম্পিউটিং শিল্পপার্ক গড়ে তোলার উদ্যোগ ছিল উল্লেখযোগ্য। প্রায় ৪১ লাখ বর্গফুট এলাকাজুড়ে আটটি ডেটা সেন্টার ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। সেখানে প্রায় ২৪ হাজার সার্ভার র‍্যাক স্থাপনের লক্ষ্য ছিল।

চীনের ‘ইস্ট ডেটা, ওয়েস্ট কম্পিউটিং’ কর্মসূচির আওতায় প্রকল্পটির জন্য বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধা দেয় সরকার। সরকারি নথি অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে প্রকল্পটির একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়।

এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেন কাং। শেনজেনেও তার ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, চীনে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির কম্পিউটিং চিপ সরবরাহের সুযোগ তৈরিতে তৎপর ছিলেন অ্যালিস হুয়াং। ২০২৩ সালে এ বিষয়ে মেগাস্পিডের কার্যক্রমে তার সম্পৃক্ততার তথ্য সামনে আসে। ওই বছরের নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটি এনভিডিয়াকে জানায়, চীনের বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক হতে যাচ্ছে। এর পর মেগাস্পিডকে এনভিডিয়ার ক্লাউড পার্টনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এতে এনভিডিয়ার চিপ সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অগ্রাধিকার সুবিধা পায়।

একই বছরের নভেম্বরে মালিকানা পুনর্গঠনের কারণে মেগাস্পিডে অ্যালিসের নিবন্ধিত পরিচালকের দায়িত্ব শেষ হয়। তবে জেনসেন হুয়াংয়ের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় এবং ২০২৪ সালে তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স প্রযুক্তি সম্মেলনে তাদের একসাথে দেখা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার কয়েকটি চিপ পরবর্তী সময়ে চীনে পাঠানো হয়েছিল। তবে সেগুলো কাংয়ের ডেটা সেন্টারগুলোতে সরবরাহ করা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, চীনা সরকার মেগাস্পিডকে এসব চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল, এমন তথ্যও মেলেনি।

২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস যৌথভাবে সাংহাই এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করেন। এসব প্রকল্পে বিনিয়োগ করলে তিন বছরের মধ্যে অর্থের পরিমাণ তিন গুণ হতে পারে বলে তারা সম্ভাবনা তুলে ধরেছিলেন। এ ছাড়া চীনে এনভিডিয়ার চিপ সরবরাহের সুযোগ রয়েছে বলেও সম্ভাব্য বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন তারা।

এদিকে, সার্ভার কেনার ক্ষেত্রে মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেগাস্পিড ও প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিঙ্গাপুর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অ্যালিসের বিরুদ্ধে সিঙ্গাপুরে অপরাধ সংঘটনের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে তাকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং দেশটিতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির অভিযোগে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন কাং ওয়েই। পরে অবশ্য তিনি মুক্তি পান। সব মিলিয়ে অ্যালিসের সাথে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক এবং কাংয়ের ডেটা সেন্টার ব্যবসার বিস্তার ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিযোগিতায় এনভিডিয়ার চিপ সরবরাহ এবং ব্যবসায়িক যোগাযোগের বিষয়টিও সামনে এসেছে।