...|...|...

বিশ্ব

সৌদির রাষ্ট্রীয় জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৩
Shares
সৌদির রাষ্ট্রীয় জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোর একটি স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটির সাথে সৌদি আরবের চলমান সংঘাত তীব্র আকার ধারণ করার মধ্যেই এই হামলার খবর এল।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, রিয়াদের আরামকো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে তাদের যোদ্ধারা।

তিনি আরও দাবি করেন যে, এই হামলাগুলো ছিল অত্যন্ত নিখুঁত ও সরাসরি এবং এর ফলে ওই সাইটে আগুন ধরে গেছে। তবে সৌদি কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো হামলার খবর নিশ্চিত করা হয়নি এবং আগুনের সূত্রপাত সম্পর্কেও কোনো মন্তব্য করা হয়নি। এদিকে শনিবার রিয়াদের একটি আরামকো স্থাপনার কাছে ধোঁয়া ও আগুনের বিরাট কুণ্ডলী উঠতে দেখা গেছে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট রবিবার ভোরে জানিয়েছে যে, তাদের সশস্ত্র বাহিনী যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি, মিসাইল ও স্নাইপার ব্যবহার করে তোর আল-বাহা ফ্রন্ট এবং তাইজ অক্ষে হুথিদের শক্তিবৃদ্ধির ওপর ৯৭টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার অভিযান পরিচালনা করেছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, এই হামলায় কমপক্ষে ২৬০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছে এবং ৪৪টি সামরিক যান ধ্বংস বা অকেজো হয়ে গেছে।

এর আগে, গত মাসের শেষের দিকে হুথিরা দাবি করেছিল যে, তারা সৌদি আরবের পশ্চিম উপকূলের লোহিত সাগরের বন্দর শহর ইয়ানবুতে আরামকোর স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়েছে। তবে সে সময় সৌদি আরব জানিয়েছিল যে তারা তায়েফ ও ইয়ানবুর দিকে নিক্ষিপ্ত ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে এবং আরামকোর কোনো সাইটেরই ক্ষয়ক্ষতি হয়নি।