...|...|...

বিশ্ব

প্রাণঘাতী ইনজেকশন পুশ করেও নারী জীবিত, প্রিজন চিফের পদত্যাগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৪
Shares
প্রাণঘাতী ইনজেকশন পুশ করেও নারী জীবিত, প্রিজন চিফের পদত্যাগ

ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেছেন মার্কিন অঙ্গরাজ্য টেনেসির কারা প্রধান। এই ভুলের কারণে পাইক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় রাজ্য কর্তৃপক্ষ একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। 

শনিবার (৩ অক্টোবর) গভর্নর এই ঘোষণা দেন।

আনাদোলু এজেন্সি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টেনিসি ডিপার্টমেন্ট অফ কারেকশনের কমিশনার ফ্রাঙ্ক স্ট্রাডা তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং চলতি মাসের শেষের দিকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন গভর্নর বিল লি।

গভর্নর লি বলেন, তিনি স্ট্রাডার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই একজন অন্তর্বর্তীকালীন কমিশনারের নাম ঘোষণা করা হবে।

পদত্যাগ সম্পর্কে স্ট্রাডা বলেন, তিনি এখনও বিশ্বাস করেন যে কারা বিভাগ নির্ধারিত নিয়ম ও পদ্ধতি মেনেই কাজ করেছিল, তবে একটি স্বাধীন তদন্ত চলাকালীন রাজ্যের স্বার্থেই তার সরে দাঁড়ানোই শ্রেয়।

উল্লেখ্য, গত বুধবার মারাত্মক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হলেও মৃত্যুদণ্ড কার্যকরের ওষুধ প্রয়োগের দুটি প্রচেষ্টাই ব্যর্থ হওয়ায় তা স্থগিত করা হয়।

পাইকের আইনজীবীরা শুক্রবার আদালতে দাখিল করা এক নথিতে জানান যে, তিনি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ন্যাসভিল এলাকার একটি হাসপাতালের আইসিইউ-তে অচৈতন্য অবস্থায় ভেন্টিলেটরে রয়েছেন।

আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ইনজেকশনের ক্যানুলা বা ইন্ট্রাভেনাস লাইন ভুল জায়গায় স্থাপন করার কারণে মৃত্যুদণ্ড কার্যকরের সময় ব্যবহৃত ‘পেন্টোবারবিটাল’ ওষুধটি রক্তপ্রবাহে যাওয়ার পরিবর্তে তার টিস্যুতে প্রবেশ করে।

এই ঘটনার পর গভর্নর লি এই ব্যর্থ মৃত্যুদণ্ড প্রচেষ্টার একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন এবং চলতি বছরের বাকি সময় রাজ্যের অন্যান্য সমস্ত নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রেখেছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ১৯ বছর বয়সী কলিন স্লেমার-কে হত্যার দায়ে ক্রিস্টা পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।