...|...|...

বিশ্ব

ত্রিপুরায় গভীর রাতে ভূমিকম্প অনুভূত, কাঁপল বাংলাদেশও

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:২২
Shares
ত্রিপুরায় গভীর রাতে ভূমিকম্প অনুভূত, কাঁপল বাংলাদেশও

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধলাই জেলায় রিখটার স্কেলে ৩.৮ মাত্রার একটি মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) গভীর রাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

জাতীয় ভূকম্পন কেন্দ্রের শেয়ার করা তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা বেজে ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

এক্স-এ দেওয়া এক পোস্টে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশের ২৩.৭৫৭ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমার ৯১.৯৯৫ ডিগ্রি কোণ বরাবর ত্রিপুরার ধলাই জেলায়।

এদিকে, এক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও। এসব ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ঢাকাতেও মৃদু কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প সংঘটিত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।

এর মাত্র এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়। এটিরও মৃদু কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

পরপর তিনটি ভূমিকম্পে রাতের বেলায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।