বিয়েবাড়িতে অতিথির ভিড় অস্বাভাবিক কিছু নয়। তবে সেই সংখ্যা যখন কয়েক লাখে পৌঁছে যায়, তখন আয়োজন সামলানোও হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ।
ভারতের বিহারে এমনই এক বিয়ের আয়োজন ঘিরে তীব্র যানজট তৈরি হয়েছে। রাজনীতিক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথির উপস্থিতিতে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়।
বুধবার (২৫ নভেম্বর) বিহারের নাদাওয়া গ্রামের পারিবারিক বাড়িতে মেয়ে শিবাঙ্গী সিংয়ের সাথে ঋষিকেশ কুমারের বিয়ের আয়োজন করেন অনন্ত সিং।
অনুষ্ঠানে প্রায় ৪ লাখ অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ জন্য আড়াই হেক্টর জায়গাজুড়ে বিশাল আয়োজন করা হয়েছিল।
অতিথিদের জন্য তৈরি করা হয় ৫ লাখ পিস ঐতিহ্যবাহী মিষ্টি। রান্নার দায়িত্বে ছিলেন প্রায় ৫০০ রাঁধুনি ও বাবুর্চি।
প্রতিবেদনে বলা হয়েছে, খাসির মাংসের কাবাব ও তরকারি তৈরিতে প্রায় ১ হাজার কেজি মাংস ব্যবহার করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়েছিল।
বর ঋষিকেশ কুমার ১৫১টি গাড়ির বহর নিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান। তার পরনে ছিল সানগ্লাস এবং হাতে ছিল কমলা রঙের স্কার্ফ। বরকে উপহার হিসেবে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়িও দেওয়া হয়।
বিয়ের অনুষ্ঠানস্থল সাজাতে চীন থেকে আনা ফুল ব্যবহার করা হয়েছিল। রাতে ছিল আতশবাজির আয়োজনও।
তবে বিশাল এই আয়োজনের কারণে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিও বেড়ে যায়। অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয় এবং বহু যানবাহন যানজটে আটকে পড়ে।
যানজট এড়াতে এক অতিথি ট্রাক্টরে চড়ে পাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানে পৌঁছান বলেও জানা গেছে।
বিয়েবাড়িতে সাধারণত নাচগানের আয়োজন থাকলেও অনন্ত সিং করেছিলেন ভিন্ন ধরনের আয়োজন। নাচগানের বদলে রাখা হয়েছিল ঘোড়দৌড়।
তবে খেলা দেখতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি অনেক মানুষ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ মুহূর্তে ঘোড়দৌড় বাতিল করতে হয়।
অনন্ত সিং বিহারের পাঁচবারের বিধায়ক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
তবে তিনি সব ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বড় মেয়ের বিয়েতেও একই ধরনের বড় আয়োজন করেছিলেন।
এদিকে ভারতে এখন বিয়ের মৌসুম চলছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রায় ৫২ লাখ বিয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


