...|...|...

বিশ্ব

ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন, মৃত্যুর পরেও নিজ দেশে ঠাঁই হয়নি ৩ মুসলিম শাসকের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন, মৃত্যুর পরেও নিজ দেশে ঠাঁই হয়নি ৩ মুসলিম শাসকের

ছবি: সংগৃহীত

একসময় ছিলেন নিজ নিজ দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে রাজনৈতিক ভবিষ্যৎ—সবকিছুই নির্ধারিত হতো তাদের হাতে। কিন্তু ক্ষমতা হারানোর পর বদলে যায় জীবন। কেউ সামরিক অভ্যুত্থানে উৎখাত হন, কেউ আবার গণ-আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। শেষ পর্যন্ত মৃত্যুর পরও নিজ দেশের মাটিতে সমাহিত হওয়ার সুযোগ হয়নি তাদের।

ইতিহাসে এমন পরিণতির সাক্ষী হয়ে আছেন পাকিস্তানের ইস্কান্দার আলি মির্জা, উগান্ডার ইদি আমিন এবং ইরানের রেজা শাহ পাহলভি।

পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার আলি মির্জা ১৯৫৬ সালে ক্ষমতায় বসেন। দুই বছর পর সেনাপ্রধান আইয়ুব খানের সহযোগিতায় দেশে সামরিক আইন জারি করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই আইয়ুব খানের হাতেই ক্ষমতাচ্যুত হন মির্জা।

ক্ষমতা হারানোর পর তিনি লন্ডনে চলে যান এবং জীবনের শেষ ১১ বছর সেখানেই কাটান। ১৯৬৯ সালে তার মৃত্যুর পর পরিবারের ইচ্ছা ছিল, তাকে পাকিস্তানে দাফন করা হবে। তবে সেই অনুমতি দেয়নি তৎকালীন সরকার। পরে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ পাহলভির উদ্যোগে তার লাশ ইরানে নেওয়া হয় এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এ তালিকার আরেক আলোচিত নাম উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিন। ১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে আট বছর দেশ শাসন করেন তিনি। তার শাসনামলে ব্যাপক হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ ওঠে।

১৯৭৯ সালে তানজানিয়ার সেনাবাহিনী ও উগান্ডার বিদ্রোহীরা রাজধানী কাম্পালা দখল করলে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন ইদি আমিন। প্রথমে লিবিয়ায় এবং পরে সৌদি আরবে আশ্রয় নেন তিনি।

জীবনের শেষ সময়ে গুরুতর অসুস্থ হয়ে উগান্ডায় ফেরার আবেদন করেছিলেন আমিন। তবে সেই অনুমতি তিনি পাননি। ২০০৩ সালে সৌদি আরবের জেদ্দায় মারা যান তিনি। পরে মক্কায় তাকে সমাহিত করা হয়।

নিজ দেশে আর ফিরতে না পারা আরেক শাসক ইরানের রেজা শাহ পাহলভি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতা হারানোর পর স্ত্রীকে নিয়ে ইরান ছাড়েন তিনি।

এরপর মিশর, মরক্কো, বাহামা ও মেক্সিকোসহ বিভিন্ন দেশে অবস্থান করেন। ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। তবে জীবিত অবস্থায় আর কখনো ইরানে ফেরা হয়নি।

১৯৮০ সালে মিশরের কায়রোতে নির্বাসিত অবস্থায় মারা যান রেজা শাহ পাহলভি। সেখানেই তাকে সমাহিত করা হয়।

একসময় যে দেশগুলোর শাসনক্ষমতা ছিল তাদের হাতে, শেষ জীবনে সেই দেশেই ফিরতে পারেননি তারা। ক্ষমতা, প্রভাব ও রাজকীয় জীবন হারানোর পর তাদের কারও শেষ ইচ্ছা ছিল দেশে ফেরা, আবার কেউ চেয়েছিলেন মৃত্যুর পর অন্তত নিজের মাটিতে সমাহিত হতে। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছাও পূরণ হয়নি।