...|...|...

বিশ্ব

ছোট্ট মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন মুসলিম সিনেটর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১১:২০
Shares
ছোট্ট মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন মুসলিম সিনেটর

ছোট্ট মেয়েকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন মুসলিম সিনেটর। ছবি: সংগৃহীত

সংসদের অধিবেশন চলছে, আলোচনায় অংশ নিচ্ছেন একজন সিনেটর। তবে তার কোলে ছয় মাসের এক শিশু। ব্যতিক্রমী এই দৃশ্য দেখা গেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে। মেয়েকে কোলে নিয়েই অধিবেশনে বক্তব্য দিয়েছেন দেশটির স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান। তার এমন উপস্থিতিতে সংসদকক্ষে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিনেটে ডিজিটাল সেবাদাতাদের দায়িত্ব ও কর্তব্যসংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনার সময় ছয় মাস বয়সী মেয়ে আলিয়াহকে কোলে নিয়ে বক্তব্য দেন ফাতিমা। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী এই সিনেটরের এমন দৃশ্য উপস্থিত অন্য সদস্যদের মধ্যেও হাসি ও আনন্দ ছড়িয়ে দেয়।

সিনেটের অধিবেশনের ভিডিওতে দেখা যায়, ফাতিমা বক্তব্য দেওয়ার সময় তার পেছনে বসা স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প শিশুটির সাথে লুকোচুরি খেলছেন। এ সময় অন্য সিনেটরদেরও শিশুটির দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যেই এমন দৃশ্য অধিবেশনে এক ভিন্ন আবহ তৈরি করে।

অবশ্য মেয়েকে নিয়ে পার্লামেন্টে আসার ঘটনা ফাতিমার জন্য নতুন নয়। এর আগেও গত ৮ সেপ্টেম্বর সিনেট কক্ষে ছয় মাস বয়সী আলিয়াহকে কোলে নিয়ে দেখা গিয়েছিল তাকে।

ফাতিমা পেম্যান অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিত ফেডারেল সংসদ সদস্য। একইসাথে দেশটির ইতিহাসে দায়িত্ব পালনরত অবস্থায় সন্তান জন্ম দেওয়া পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটরও তিনি।

মাতৃত্বের পাশাপাশি সংসদীয় দায়িত্ব পালন এবং সন্তান জন্মের পর কর্মক্ষেত্রে ফিরে আসার অভিজ্ঞতা নিয়েও পার্লামেন্টে কথা বলেছেন ফাতিমা। এ সময় সন্তান জন্মের পর শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার চ্যালেঞ্জের বিষয়টিও তুলে ধরেন তিনি।

এক বক্তব্যে মাতৃত্বকে গভীর আনন্দের অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন এই সিনেটর। তবে এর সাথে জড়িয়ে থাকা নানা কঠিন পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তার মতে, পরিবার ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে নারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।