...|...|...

বিশ্ব

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১০:০৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১০:৩১
Shares
১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল

স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত বাঙালিদের সহায়তা করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে কাজ করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যমসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ছয় দিনের সরকারি সফরে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার।

স্পিকার বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ভারত অবৈধভাবে দখল করে রাখা জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।

এর আগে পার্লামেন্ট ভবনে পৌঁছালে হাফিজ উদ্দিন আহমদ ও তার সাথে থাকা বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক। পরে দুই স্পিকার বৈঠকে বসেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। এ জন্য সংসদীয় বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষাসংযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। একইসাথে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন।

আইওয়ান-ই-সদরে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাথে বৈঠকে জারদারি বলেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এ সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। অভিন্ন ইতিহাস, একই ধর্মবিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের ওপর এ সম্পর্ক প্রতিষ্ঠিত।

পাকিস্তানের প্রেসিডেন্ট কৃষি, শিল্প, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। এ ছাড়া বিবেচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার আশা প্রকাশ করেন। তার মতে, এসব সমঝোতা দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।

বৈঠকে জারদারি পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আদিব চৌধুরীকে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান। আন্তর্জাতিক সংসদীয় ফোরামসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশের পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

বাংলাদেশি সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ারও প্রস্তাব দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তান ইনস্টিটিউট ফর পার্লামেন্টারি সার্ভিসেসের (পিআইপিএস) মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা পরিচালনায় পাকিস্তানের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ জানান।

শিক্ষা খাতের সহযোগিতার প্রসঙ্গ তুলে জারদারি বলেন, গত বছর চালু হওয়া পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি রয়েছে। ইতোমধ্যে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আরও ২০ জন শিগগিরই সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে বাংলাদেশের জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদের জন্য আয়োজিত এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে ইতিবাচক সাড়াকেও স্বাগত জানান তিনি।

গণমাধ্যম খাতের সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর কূটনৈতিক সংবাদদাতাদের একটি প্রতিনিধিদলের চলমান পাকিস্তান সফরকেও ইতিবাচক হিসেবে দেখছেন জারদারি।

যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়ে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি স্বাগত জানান। ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সহজ করতে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় কম। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাই এবং গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে চিহ্নিত অগ্রাধিকার ক্ষেত্রগুলো বাস্তবায়নে বিদ্যমান ব্যবস্থাগুলো কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানান তিনি। এর মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন ও বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদল রয়েছে।

জারদারি বলেন, সরকার থেকে সরকার (জি টু জি) চুক্তির আওতায় পাকিস্তান থেকে বাংলাদেশে চাল রফতানির চলমান কার্যক্রম খাদ্যনিরাপত্তা ও প্রয়োজনীয় পণ্য সরবরাহে আরও বিস্তৃত সহযোগিতার ভিত্তি হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির চিনিকলগুলো সংস্কারে কারিগরি দক্ষতা ও সহায়তা দিতেও পাকিস্তান প্রস্তুত।

এ ছাড়া বস্ত্র, ওষুধ, চামড়া, গাড়ি, নির্মাণসামগ্রী, খনিজ, রাসায়নিক, সিরামিক ও পাটসহ বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণেও পাকিস্তানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় ব্যবস্থার অগ্রগতিকে স্বাগত জানিয়ে জারদারি বলেন, ২০২৫ সালের ১৯ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকে সহযোগিতার ১২টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জের মধ্যেও ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের সাথে নিজের ব্যক্তিগত স্মৃতির কথা উল্লেখ করে সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন তিনি। দুই দেশের সংসদের মধ্যে বিনিময় ও নিয়মিত প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন স্পিকার। তার মতে, এটি দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ঘনিষ্ঠতার প্রতিফলন। এ সময় তিনি জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের পক্ষেও মত দেন।