২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরের আবু সাঈদসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিরাপত্তা বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস।
নিউইয়র্কে আওয়ামী লীগের আয়োজিত ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জুলাই অভ্যুত্থান, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে এলে দলটির নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হিসাব অনুযায়ী, ওই বছরের গ্রীষ্মে আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।
তিনি আরও বলেন, একই সময়ে সহিংসতায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য প্রাণ হারান।
নিহতের সংখ্যা তুলে ধরে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ রয়েছেন। রংপুরের ছাত্র আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে গুলি করে হত্যা করা হয়। নারায়ণগঞ্জে ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছরের একটি শিশুও নিহত হয়।
হ্যারি টমাস বলেন, এসব মানুষের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে।
সেমিনারে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।


