...|...|...

সারাদেশ

৭ নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি একই: প্রতিমন্ত্রী অমিত

যশোর প্রতিনিধি
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৯
Shares
৭ নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি একই: প্রতিমন্ত্রী অমিত

ছবি: টাইমস টুডে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর গণঅভ্যুত্থানে ঠিক সে সময়ে জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা যখন এক বিন্দুতে মিলেছে, তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।

আজ সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, ৭৫-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থান একটি শিক্ষা দেয়, দেশ ও জাতির প্রয়োজনে জনতা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে অলিখিত-অপ্রকাশ্য যে দেয়াল, অনেক সময় সে দেয়াল ভেঙে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে জনতা এবং সশস্ত্র বাহিনী সব সময় সঠিক সিদ্ধান্তটাই গ্রহণ করেছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ডের কথা আমরা যতই বলি, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিও যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস না করেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারেন, তাহলে তার কমান্ড অধস্তন কর্মকর্তারা অনুসরণ করেন না।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, ৭ নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে এক হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নুরুজ্জামান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।