...|...|...

অর্থনীতি

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:২১
Shares
এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। একই সাথে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রফতানি বহুমুখীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

বুধবার (২৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলডিসি উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য সুবিধা অব্যাহত রাখাসহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজার সুবিধা, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের মধ্যে অংশীদারত্ব বাড়ানোর বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের সম্ভাবনা তুলে ধরা হয়।

এসব খাতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা সম্পর্কে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের অবহিত করা এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।