দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে বিদ্যমান প্রযুক্তির সমন্বয়ে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে ইরান। হাইব্রিড প্রযুক্তির এসব ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। একইসাথে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতাও বাড়তে পারে। এমন সম্ভাবনা নিয়ে সতর্ক করেছেন সামরিক বিশ্লেষকেরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের (সিটিপি) বিশ্লেষণে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর বিষয়টি উঠে এসেছে। প্রতিষ্ঠান দুটির দাবি, সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করেছে।
বিশ্লেষকদের ধারণা, পুরোনো ক্ষেপণাস্ত্রের বিভিন্ন প্রযুক্তি একত্র করে নতুন সংস্করণ তৈরি করছে তেহরান। এতে একদিকে শক্তিশালী চালনাব্যবস্থা, অন্যদিকে লক্ষ্যবস্তুতে আঘাতের আগে গতিপথ পরিবর্তনের প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এর ফলে ক্ষেপণাস্ত্রের গতি ও আঘাতের নির্ভুলতা বাড়ার পাশাপাশি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে আসতে পারে।
আইএসডব্লিউর বিশ্লেষণ অনুযায়ী, হজ কাসেম ক্ষেপণাস্ত্রের চালনাব্যবস্থার সাথে খাইবার শেকান, খাইবার শেকান-২ ও ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি মিলিয়ে নতুন সংস্করণ তৈরির পরিকল্পনা করছে ইরান। তবে দেশটির বিদ্যমান উৎপাদন সক্ষমতা দিয়ে এসব ক্ষেপণাস্ত্র বড় পরিসরে তৈরি করা সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে বিবিসির এক প্রতিবেদনে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় নতুন অবকাঠামো নির্মাণ, সামরিক স্থাপনা ভূগর্ভে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের চিত্র তুলে ধরা হয়। শাহরুদ এলাকার একটি স্থানে খননকাজকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে দেখেছেন এক সিআইএ বিশ্লেষক।
অন্যদিকে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে এসব দাবির মধ্যেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমেনি।
গত নভেম্বরের মাঝামাঝি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, মার্কিন আগ্রাসন মোকাবিলায় তেহরান তাদের সব ধরনের সক্ষমতা কাজে লাগাবে।


