...|...|...

বিশ্ব

হাসিনার ফেরার ঘোষণায় উভয়সংকটে ভারত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস বিবিসির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৩
Shares
হাসিনার ফেরার ঘোষণায় উভয়সংকটে ভারত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস বিবিসির

শেখ হাসিনা। সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণায় দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। একইসাথে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতও নতুন কূটনৈতিক চাপে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ভারত প্রতিনিধি সৌতিক বিশ্বাসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর দিল্লিতে চলে যান ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। এর আগেও তিনি একাধিকবার দেশে ফেরার কথা বললেও এবার প্রথমবারের মতো নির্দিষ্ট তারিখ এবং ফেরার সম্ভাব্য পথের কথা জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। তার দল আওয়ামী লীগও বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ।

কীভাবে ফিরতে চান হাসিনা

শেখ হাসিনার মুখপাত্র ও ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে বলেন, হাসিনা চান বাংলাদেশ সরকার দিল্লি থেকে তাকে ফিরিয়ে আনতে একটি ফ্লাইটের ব্যবস্থা করুক। সেটি সম্ভব না হলে তিনি বাণিজ্যিক ফ্লাইটে কিংবা স্থলসীমান্ত দিয়ে দেশে ফিরতে চান।

আরিন বলেন, ‘তিনি এমনকি হেঁটে বাংলাদেশে প্রবেশ করতেও প্রস্তুত। ভারতের পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। সমর্থকরা এরই মধ্যে সীমান্তের ৯টি সম্ভাব্য পয়েন্ট চিহ্নিত করেছেন। এটি অত্যন্ত সুচিন্তিত ও নিখুঁত পরিকল্পনা।’

কঠোর অবস্থানে ঢাকা

শেখ হাসিনার ঘোষণার পর কঠোর অবস্থান জানিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাস্তবতা আর ইচ্ছা এক জিনিস নয়। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।’

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধ ‘নির্ধারিত প্রক্রিয়ায়’ পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।

রাজনৈতিক হিসাব ও সহিংসতা

বিশ্লেষকদের মতে, বিজয় দিবসের মতো আবেগঘন দিন বেছে নেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছেন।

আরিনের দাবি, নির্বাসনে থেকেও টেলিগ্রামের মাধ্যমে গত ১৮ মাসে দেশের ৬৪ জেলা ও ৩০০ আসনের নেতাকর্মীদের সাথে ৩০০টির বেশি বৈঠক করেছেন শেখ হাসিনা। সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ৫০ লাখ মানুষের মানববন্ধন গড়ে তাকে স্বাগত জানানোর সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা বর্তমানে কারাগারে, পলাতক বা দেশের বাইরে রয়েছেন।

এর মধ্যেই সাম্প্রতিক মাসগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও সহিংসতার বিভিন্ন ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে থানায় হামলা, গাড়িতে আগুন এবং বিএনপি নেতাদের বাড়িঘরে হামলার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘আকলেড’-এর তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকেরা ৪০টি বিক্ষোভ এবং ১৪০টির বেশি সহিংস ঘটনায় জড়িয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম বিবিসিকে বলেন, জুলাই সনদ, সাংবিধানিক সংস্কার ও গণভোট নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে মতপার্থক্যের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। দুর্বল পুলিশ প্রশাসন এবং অভ্যুত্থানপন্থী শক্তিগুলোর বিভাজনকেও দলটি কাজে লাগানোর চেষ্টা করছে বলে তার মত।

ভারতের কূটনৈতিক উভয়সংকট

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং সেখান থেকে তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি ঢাকা-দিল্লি সম্পর্কে বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ১০ মাস পরও তারেক রহমান ভারত সফর করেননি। আগস্টে একটি সম্ভাব্য সফর নিয়ে আলোচনা থাকলেও দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কারণে সেটি আর এগোয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়নের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার ফেরার ঘোষণার ফলে সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির বদলে ঢাকার ওপর চলে গেছে।

তার বিশ্লেষণ, গত ১০ মাসে দিল্লি ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেও উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি। ফলে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নীরব রাখার প্রয়োজনীয়তা ভারত এখন কম অনুভব করছে। বরং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনকে দিল্লি দীর্ঘমেয়াদি স্বার্থের অনুকূল মনে করে বলে তার পর্যবেক্ষণ।

ঢাকার দৃষ্টিভঙ্গি অবশ্য ভিন্ন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে এমন ধারণা প্রবল যে ভারত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করা, তৈরি পোশাক রফতানিকারকদের ট্রানজিট সুবিধা নবায়ন না করা এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অগ্রগতি না হওয়ায় ভারতের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকার এক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, দুই দেশ বর্তমানে ‘পারস্পরিক হতাশার’ মধ্যে আটকে আছে এবং এই অচলাবস্থার কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা।

১৬ ডিসেম্বর তিনি সত্যিই বাংলাদেশে ফিরবেন কি না, তা এখনও অনিশ্চিত। তবে তার ফেরার ঘোষণা ঢাকা ও দিল্লি—দুই রাজধানীকেই নতুন রাজনৈতিক ও কূটনৈতিক পরীক্ষার মুখে ফেলেছে।