তুরস্কের আরারাত পর্বতের কাছে নূহ (আ.)-এর নৌকার সম্ভাব্য অবস্থান নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে প্রায় ৪ হাজার ৩০০ বছরের পুরোনো কাঠের সন্ধান পাওয়ার দাবি করেছে একটি গবেষক দল। দলটির প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু জোন্সের দাবি, প্রাথমিক পরীক্ষায় কাঠগুলোর বয়স নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে জোন্স জানান, অনুসন্ধানস্থল থেকে পোড়া কাঠের মতো দেখতে কয়েক ব্যাগ নমুনা সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া কয়েকটি কাঠের টুকরোয় যন্ত্রপাতি ব্যবহারের মতো চিহ্নও দেখা গেছে বলে দাবি করেন তিনি।
গবেষকরা নৌকার মতো দেখতে একটি কাঠামোর পশ্চিম পাশ থেকে এসব নমুনা সংগ্রহ করেছেন। জায়গাটি মাটির প্রায় ৩০ ফুট নিচে। জোন্সের দাবি, ওই কাঠামোটির দৈর্ঘ্য প্রায় ৩০০ হাত, যা বাইবেলে বর্ণিত নূহের নৌকার দৈর্ঘ্যের সঙ্গে মিলে যায়।
জোন্স বলেন, ‘কাঠের নমুনাগুলো প্রায় ৪ হাজার ৩০০ বছরের পুরোনো। নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সাথে এর মিল রয়েছে। তবে কাঠগুলো সেখানে কীভাবে পৌঁছাল, তা এখনো আমরা জানি না।’
আরারাত পর্বতের কাছে নৌকার মতো দেখতে এই কাঠামোটি ৬৫ বছরেরও বেশি আগে আবিষ্কৃত হয়। এরপর থেকেই এটি নূহের নৌকার সম্ভাব্য অবস্থান কি না, তা নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও গবেষণা হয়েছে।
জোন্সের বিশ্বাস, তারা নূহের প্রকৃত নৌকার সন্ধানেই অনুসন্ধান চালাচ্ছেন। তবে সংগৃহীত সব নমুনা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পরই বিস্তারিত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
যদিও এই দাবির সঙ্গে বিজ্ঞানীদের প্রচলিত মতের মিল নেই। বিজ্ঞানীদের মতে, নৌকার মতো দেখতে কাঠামোটি প্রাকৃতিকভাবে গঠিত একটি শিলাকাঠামো। উদ্ধার হওয়া কাঠ নূহের নৌকার অংশ কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত নূহ (আ.) ছিলেন আল্লাহর একজন রাসূল। তাকে মানবজাতির দ্বিতীয় পিতা হিসেবেও উল্লেখ করা হয়।


