...|...|...

বিশ্ব

সরকারি ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানো নিষিদ্ধ আর্জেন্টিনায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:১১
Shares
সরকারি ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানো নিষিদ্ধ আর্জেন্টিনায়

ছবি: সংগৃহীত

সরকারি ব্যয় নির্বাহে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপানোর সুযোগ বন্ধ করতে নতুন আইন পাস করেছে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে দেশটির পার্লামেন্ট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে বিধিনিষেধ আরোপসংক্রান্ত একটি বিলে চূড়ান্ত অনুমোদন দেয়। নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও মৌলিক দায়িত্ব হিসেবে জাতীয় মুদ্রার মূল্যমান স্থিতিশীল রাখার বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে।

এর আগে দেশটির বিভিন্ন সরকারের আমলে বাজেটের ঘাটতি ও সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপানো হতো। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিনের এই নীতি আর্জেন্টিনায় উচ্চ মূল্যস্ফীতি তৈরির অন্যতম কারণ ছিল। ২০২৩ সালে দেশটিতে মূল্যস্ফীতির হার ২০০ শতাংশ ছাড়িয়ে যায়।

উদারপন্থি অর্থনীতিবিদ হাভিয়ের মিলেই ২০২৩ সালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি অর্থনীতিতে ব্যয় সংকোচন ও কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেন।

তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দেশটিতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এর বিপরীতে বেড়েছে দারিদ্র্যের হার। পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে যাওয়ায় দেশটি নতুন করে মন্দার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদদের একাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইনটি পাস হওয়ার পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দুই দশকের রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটল।’

সূত্র: আল জাজিরা