...|...|...

খেলা

পড়াশোনায় দুর্বল ছিলেন মেসি, ফাঁস হওয়া নম্বরপত্রে মিলল প্রমাণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩১
Shares
পড়াশোনায় দুর্বল ছিলেন মেসি, ফাঁস হওয়া নম্বরপত্রে মিলল প্রমাণ

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে অসাধারণ প্রতিভা দিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের মন জয় করেছেন লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে। তবে পড়াশোনায় কেমন ছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার স্কুলজীবনের একটি নম্বরপত্র সামনে এনেছে মেসির ছাত্রজীবনের অজানা কিছু তথ্য। তাতে দেখা গেছে, পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না তিনি।

আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় মেসির বয়স ছিল ১৩ বছর। সেই সময়ের একটি নম্বরপত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এটি কোন পরীক্ষার ফলাফল এবং কীভাবে ছবিটি প্রকাশ্যে এসেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে তার নম্বর ছিল ৮। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় পেয়েছিলেন ৭। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তিতে তার প্রাপ্ত নম্বর ছিল ৬ করে।

অর্থাৎ শারীরিক শিক্ষাতেই সবচেয়ে ভালো ফল করেছিলেন মেসি। ফুটবলের প্রতি তার ছোটবেলার প্রবল আগ্রহের কথা বিবেচনায় নিলে বিষয়টি অবশ্য অবাক করার মতো নয়। সে সময় শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলের হয়ে খেলতেন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফলাফল গড়পড়তা হলেও খেলাধুলায় মেসির বিশেষ দক্ষতা শিক্ষকদের নজর কেড়েছিল।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক ছিলেন আন্দ্রেয়া সোসা। তার স্মৃতিতে, মেসি ছিলেন বেশ শান্ত ও লাজুক প্রকৃতির। শ্রেণিকক্ষের আলোচনায় খুব একটা অংশ নিতেন না তিনি। কিন্তু ফুটবল খেলার সময় তার আচরণ পুরোপুরি বদলে যেত।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে সোসা বলেছিলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও মেসির প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও একই ধরনের স্মৃতির কথা জানিয়েছেন। তার মতে, মেসির বন্ধু ছিল অনেক। সহপাঠীদের মধ্যে তার সাথে ফুটবল খেলার আগ্রহও ছিল বেশি। ক্লাস শেষ হওয়ার পর কে আগে মাঠে যাবে, তা নিয়ে বন্ধুদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলত। পড়াশোনার চেয়ে খেলাধুলার প্রতিই মেসির ঝোঁক ছিল বেশি।

নিজেও ছাত্রজীবনে পড়াশোনায় খুব ভালো ছিলেন না বলে স্বীকার করেছেন মেসি। রোজারিওতে কাটানো শৈশবের দিনগুলোর কথা বলতে গিয়ে একবার তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ স্কুল বাড়ির কাছাকাছি হওয়া সত্ত্বেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলেও জানিয়েছিলেন তিনি।

বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়নি তার। মেসির ভাষ্য অনুযায়ী, ক্লাসে তারা অনেক আনন্দ করতেন। তবে পড়াশোনা কখনোই তাদের কাছে অগ্রাধিকার পায়নি। তিনি বলেছিলেন, ‘যেভাবে পেরেছি, সেভাবেই চালিয়ে নিয়েছি। আর দ্রুত পার পেতে আমরা সবাই একে অপরকে সাহায্য করেছি।’

ছাত্রজীবনে পড়াশোনায় খুব বেশি কৃতিত্ব দেখাতে না পারলেও শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন মেসি। বিশ্বসেরা ফুটবলার হওয়ার পরও একাধিকবার নিজের পুরোনো স্কুল লাস হেরাসে গেছেন তিনি। স্কুলটির উন্নয়নে বিভিন্ন সময় আর্থিক সহায়তাও দিয়েছেন। তার উদ্যোগে সেখানে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সংস্কার করা হয়েছে খেলার মাঠের বেঞ্চ।

রোজারিওর যে স্কুলের মাঠে একসময় বন্ধুদের সাথে ফুটবল খেলতেন মেসি, সেই স্কুলের সাথে এখনো তার যোগাযোগ রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন বিশ্বকাপজয়ী এই তারকা। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও শৈশবের স্মৃতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি টান অটুট রেখেছেন তিনি।

পুরোনো একটি নম্বরপত্র প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে মেসির ছাত্রজীবন। মাঠের বাইরে তিনি ছিলেন শান্ত, লাজুক এবং পড়াশোনায় গড়পড়তা একজন শিক্ষার্থী। অথচ ফুটবল মাঠে পা রাখলেই সেই কিশোর হয়ে উঠতেন সম্পূর্ণ ভিন্ন এক মানুষ, যাকে আজ চেনে গোটা বিশ্ব।