...|...|...

খেলা

একই দলে খেলবেন নারী-পুরুষ, ক্রিকেটে আসছে বিশ্বের প্রথম মিক্সড টি-টোয়েন্টি লিগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৪
Shares
একই দলে খেলবেন নারী-পুরুষ, ক্রিকেটে আসছে বিশ্বের প্রথম মিক্সড টি-টোয়েন্টি লিগ

ছবি: সংগৃহীত

ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো পেশাদার টি-টোয়েন্টি লিগে একই দলে খেলবেন নারী ও পুরুষ ক্রিকেটাররা। শুধু একই দলে নয়, একই মাঠে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতাও করবেন তারা। ক্রিকেটে সমতা ও নারী-পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান।

বুধবার (২৬ নভেম্বর) জহির খানের সহ-মালিকানাধীন প্রতিষ্ঠান ‘অ্যাঙ্কর স্পোর্টস এবি’ এবং জার্মান ক্রিকেট ফেডারেশন যৌথভাবে নতুন এই টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। ‘ইকুয়াল’ নামের এই লিগ আগামী বছরের আগস্টে জার্মানিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচটি দল নিয়ে হবে প্রতিযোগিতাটি। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে পেশাদার নারী ও পুরুষ ক্রিকেটাররা একই দলের হয়ে মাঠে নামবেন। জার্মানির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতায় আয়োজন করা হবে টুর্নামেন্টটি।

ইউরোপের মতো ক্রিকেটের উদীয়মান বাজারে খেলাটির জনপ্রিয়তা বাড়ানো এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। জহির খানের মতে, নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণ ক্রিকেটের প্রসারে নতুন সুযোগ তৈরি করবে।

এক বিবৃতিতে ভারতের সাবেক এই পেসার বলেন, ‘মানুষকে এক করার ক্ষমতা ক্রিকেটের আছে। বিশেষ করে ইউরোপের মতো উদীয়মান বাজারগুলোতে ক্রিকেটের প্রসার নির্ভর করছে আমরা কতটা ভালোভাবে খেলাটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছি তার ওপর।’

তিনি আরও বলেন, ‘ইকুয়াল’-এর মতো উদ্যোগগুলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সবাই খেলায় অংশগ্রহণ, অবদান রাখা এবং ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাবে।

পেশাদার ক্রিকেটে নারী ও পুরুষ খেলোয়াড়দের একই দলের হয়ে খেলার এমন আয়োজন বিশ্ব ক্রিকেটে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করা গেলে ক্রিকেটে লিঙ্গসমতা প্রতিষ্ঠার পাশাপাশি ইউরোপের নতুন দর্শকদের কাছেও খেলাটির আবেদন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।