...|...|...

সারাদেশ

ঝুঁকিতে বিভিন্ন ব্যাংক

গোপালগঞ্জে এটিএম থেকে টাকা তুললেই ছিনতাইয়ের ভয়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৮:৪২
Shares
গোপালগঞ্জে এটিএম থেকে টাকা তুললেই ছিনতাইয়ের ভয়

ছবি: এআই

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে। জেলার সরকারি ও বেসরকারি ব্যাংকের ১০৫টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকটি স্থানে এটিএম বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

এমনকি বুথ থেকে টাকা তুলে বের হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। পরিস্থিতির কারণে মোবাইল আর্থিক সেবার কার্যক্রম ব্যাহত হওয়ায় বিভিন্ন এলাকায় নগদ টাকার সংকট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, নিরাপত্তাঝুঁকির কারণে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের এজেন্ট পয়েন্টগুলোতে কর্মীদের যাতায়াত কমে গেছে। কোথাও কোথাও কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ টাকা পাঠানো ও উত্তোলন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এজেন্টদের কাছে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় অনেক গ্রাহক ব্যাংকের শাখা ও এটিএম বুথের ওপর নির্ভর করছেন।

জানা গেছে, গত ১০ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ বিভিন্ন অস্ত্র ছিল। এ সময় কয়েকটি কাভার্ডভ্যান ভাঙচুর এবং বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে।

সহিংসতার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়া হয়। এর আগে শহরের কয়েকটি স্থানে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জেলার বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় আগুন এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ব্যক্তিগত কার্যালয় এবং কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার পর জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

রাজনৈতিক অস্থিরতার প্রভাব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সীমাবদ্ধ নেই, আর্থিক সেবা কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে বিকাশ, নগদ ও রকেটের এজেন্ট পয়েন্টগুলোতে কর্মীদের যাতায়াত এবং নগদ অর্থ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গ্রাহকদের একাংশ এসব সেবা নিতে পারছেন না। কোথাও কোথাও এজেন্ট কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকগুলোতে গ্রাহকের চাপ বাড়ছে।

গোপালগঞ্জের বিভিন্ন ব্যাংকের শাখা কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পরও কর্মীদের মধ্যে এমন নিরাপত্তাহীনতা তৈরি হয়নি। তবে চলতি মাসে সড়ক অবরোধ, থানায় হামলা, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা উদ্বিগ্ন। বিশেষ করে এটিএম বুথে টাকা সরবরাহকারী গাড়ির কর্মীদের ঝুঁকি বেশি। একইসাথে সরকারি বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীরাও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।

এদিকে ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ২৩টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আটটি শাখা আক্রান্ত হয়েছে। তবে সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখা বা উপশাখায় সরাসরি হামলার তথ্য পাওয়া যায়নি। মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক ও ইসলামী ব্যাংকের শাখা একই ভবনে থাকায় সাময়িকভাবে ইসলামী ব্যাংকের কার্যক্রম ব্যাহত হয়েছিল বলে জানিয়েছেন ব্যাংকটির এক কর্মকর্তা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৩টি, অগ্রণী ব্যাংকের ১৩টি এবং সোনালী ব্যাংকের ১২টি শাখা রয়েছে। জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকের ছয়টি করে, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাঁচটি এবং বেসিক ব্যাংকের চারটি শাখা রয়েছে। এ ছাড়া ব্যাংক এশিয়ার তিনটি এবং ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের দুটি করে শাখা রয়েছে।

জেলাটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকেরও শাখা রয়েছে। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখার সংখ্যা ১০৫টি।

এমএফএস হিসাব বন্ধের বিষয়েও গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় তদন্তের পর এসব হিসাব পুনরায় চালু করা হবে, নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে শুধু বিকাশ নয়, নগদ ও রকেটের গ্রাহকেরাও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের কতটি হিসাব বন্ধ বা অবরুদ্ধ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে ভোগান্তিতে পড়া গ্রাহকের প্রকৃত সংখ্যাও নিশ্চিত হওয়া যায়নি।

নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে, এমন তথ্য তাদের কাছে নেই। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সন্দেহজনক লেনদেনের তথ্য পেলে নিয়মিত বিভিন্ন হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।

তিনি বলেন, কোনো গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে বিএফআইইউর নির্দেশনায় হিসাব বন্ধ হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা নগদের পক্ষে নির্ধারণ করা সম্ভব নয়।

সজল জাহিদের ভাষ্য, হিসাব খোলার সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের তথ্য নেওয়া হলেও তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন কিংবা কোন এলাকায় মোবাইল নম্বর ব্যবহার করছেন, তা ওই তথ্য থেকে জানা যায় না। তাই শুধু গোপালগঞ্জের বাসিন্দা হওয়ার কারণে কোনো গ্রাহকের হিসাব বন্ধ করা হয়েছে, এমন তথ্য তাদের কাছে নেই।

অন্যদিকে রকেটের মুখপাত্র মো. নজরুল ইসলামের সাথে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে রকেট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এর মধ্যে আগামী ২৯ ও ৩০ নভেম্বর গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এতে আগামী দিনগুলোতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিরীক্ষা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জ জেলায় আটটি হামলার তথ্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে শাখা, এটিএম বুথ, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

তবে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন কয়েকটি ব্যাংকের নিরাপত্তা কর্মকর্তারা। বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) তারেক বলেন, ওয়াচ অ্যান্ড ওয়ার্কের ভিত্তিতে তাদের কর্মীরা দায়িত্ব পালন করছেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রূপালী ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) আলমগীর হোসেন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের বিভাগীয় ও জোনাল কার্যালয়গুলোকে শাখার সাথে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতেও বলা হয়েছে। কারণ, সব এলাকার পরিস্থিতি এক রকম নয়। এ কারণে নির্দিষ্ট কোনো শাখার জন্য একই ধরনের নির্দেশনা দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং ব্যাংকের সম্পদ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শাখাগুলোতে আগে থেকেই আনসার সদস্য, নিরাপত্তা প্রতিষ্ঠানের নিয়োজিত প্রহরী এবং ব্যাংকের স্থায়ী কর্মীরা দায়িত্ব পালন করছেন। নতুন করে অতিরিক্ত জনবল নিয়োগের সুযোগ নেই। তবে শাখা ব্যবস্থাপকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ জন্য কেন্দ্রীয় কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ চালু রয়েছে। সেখান থেকে ২৪ ঘণ্টা শাখাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো শাখা বা এটিএম বুথে হামলা কিংবা নিরাপত্তাজনিত অপ্রীতিকর ঘটনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণকক্ষে জানানোর ব্যবস্থা রয়েছে। মাঠপর্যায়ে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখার কথা জানান তিনি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসাইন বলেন, গোপালগঞ্জের চলমান অস্থিরতা এবং ২৯ ও ৩০ নভেম্বর সর্বাত্মক লকডাউনের ঘোষণার মধ্যেও ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। আগের লকডাউনের সময়ও ব্যাংকটির কার্যক্রম বড় ধরনের সমস্যায় পড়েনি। তবে সে সময় লেনদেন বন্ধ ছিল।

তিনি জানান, মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও একই ভবনে থাকা ইসলামী ব্যাংকের শাখা অক্ষত ছিল। ব্যাংকটির ওপর কোনো ধরনের চাপ বা হামলার ঘটনাও ঘটেনি।

আলতাফ হোসাইন বলেন, ইসলামী ব্যাংকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রতিটি শাখায় নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপকের নেতৃত্বে নিজস্ব জনবল এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম রয়েছে। এ ছাড়া ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অনলাইনে সার্বক্ষণিক শাখাগুলোর সাথে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন। ব্যাংকের জোনাল ও জেলা পর্যায়ের যানবাহন সাধারণত গ্যারেজে রাখা হয়। ফলে সেগুলো রাস্তায় থাকার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। আগের অস্থিরতা ও লকডাউনের সময়ও ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়নি। এবারও শাখা, জনবল ও সম্পদ নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গোপালগঞ্জের কয়েকটি স্থানে এটিএম বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া বুথ থেকে টাকা তুলে বের হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের কর্মীরা এজেন্ট পয়েন্টে যেতে সাহস পাচ্ছেন না। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় নগদ অর্থের সংকট তৈরি হয়েছে।