বরিশাল নগরীতে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনের সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সাথে বাড়ির আগের নাম মুছে দিয়ে ‘খুনির বাড়ি’ লেখা নামফলক লাগিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি চলাকালে গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ছবি হাতে নিয়ে বাড়িটির সামনে আহাজারি করেন।
সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন এই মা। তিনি জানান, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার আশায় দিন কাটাচ্ছেন তিনি।
ফিরোজা বেগম প্রশ্ন করেন, তার সন্তানদের কী অপরাধ ছিল? কেন তাদের এভাবে তুলে নিয়ে নিখোঁজ করা হলো? সন্তানদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে চান তিনি। একই সাথে সন্তানদের সন্ধান ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গুম ও হত্যার অভিযোগ তুলে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার টাঙান তারা।
উল্লেখ্য, জিয়াউল আহসান বর্তমানে কারাবন্দি। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।


