...|...|...

বিশ্ব

গাজায় আটকে স্ত্রী-চার সন্তান, বেলজিয়ামের আদালতে সহায়তা পেলেন না ফিলিস্তিনি সার্জন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৬
Shares
গাজায় আটকে স্ত্রী-চার সন্তান, বেলজিয়ামের আদালতে সহায়তা পেলেন না ফিলিস্তিনি সার্জন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সার্জন মুহাম্মদ আয়েসের স্ত্রী ও চার সন্তানকে গাজা উপত্যকা থেকে সরিয়ে নিতে বেলজিয়াম সরকারকে সহায়তার নির্দেশ দেওয়ার আবেদন নাকচ করেছেন ব্রাসেলসের একটি আদালত।

বেলজিয়ামের বার্তা সংস্থা বেলগার বরাতে জানা গেছে, বুধবার ব্রাসেলসের ফরাসিভাষী কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স এই রায় দেন।

আদালত স্বীকার করেন, গাজার মানবিক পরিস্থিতি, দীর্ঘদিন ধরে পরিবারের বিচ্ছিন্ন থাকা এবং আয়েসের শারীরিক অবস্থার কারণে বিষয়টি জরুরি। তবে আদালতের মতে, এ ঘটনায় বেলজিয়াম রাষ্ট্র কোনো অন্যায় করেনি।

রায়ে বলা হয়, পরিবার পুনর্মিলনের ভিসা দেওয়ার মাধ্যমে বেলজিয়াম ইউরোপীয় মানবাধিকার সনদের ৮ নম্বর অনুচ্ছেদ মেনে চলেছে। ওই অনুচ্ছেদে পারিবারিক জীবনের প্রতি সম্মানের অধিকার নিশ্চিত করা হয়েছে।

আদালত আরও বলেন, আয়েসের পরিবারের গাজা ত্যাগের ব্যবস্থা করা কিংবা তাদের বের করে আনতে তৃতীয় কোনো দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালানোর বাধ্যবাধকতা বেলজিয়ামের নেই।

আদালত বলেন, ‘গাজার বর্তমান পরিস্থিতি এবং সেখানে আবেদনকারীদের অবস্থা যত ভয়াবহই হোক না কেন, সেই পরিস্থিতি বা সীমান্ত বন্ধ থাকার জন্য বেলজিয়াম রাষ্ট্র দায়ী নয়।’

গাজায় সার্জন হিসেবে কাজ করা আয়েস ২০২৫ সালের নভেম্বরে বেলজিয়ামে পৌঁছান। ২০২৬ সালের ২৩ মার্চ তাকে শরণার্থী মর্যাদা দেওয়া হয়। বর্তমানে তিনি দ্রুত ছড়িয়ে পড়া এক ধরনের ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন।

তার স্ত্রী ও চার সন্তানকে গত ৩১ জুলাই পরিবার পুনর্মিলনের ভিসা দেওয়া হয়। চার সন্তানের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। পরিবারটি জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পর বর্তমানে গাজা সিটিতে অবস্থান করছে এবং সেখান থেকে বের হতে পারছে না।

এদিকে গাজা থেকে মানুষ সরিয়ে নেওয়ার কার্যক্রম আবার শুরু করা হবে কি না, তা নিয়ে বেলজিয়ামের ক্ষমতাসীন জোটের মধ্যে মতপার্থক্য রয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো গাজা থেকে সরিয়ে নেওয়ার কার্যক্রম পুনরায় শুরুর পক্ষে। তবে আশ্রয় ও অভিবাসনমন্ত্রী অ্যানেলিন ভ্যান বসুইটের যুক্তি, বিশেষ করে শিক্ষার্থীদের সরিয়ে নিলে নতুন করে আশ্রয় ও পরিবার পুনর্মিলনের আবেদন বাড়তে পারে এবং অন্য সংঘাতপূর্ণ অঞ্চলের ক্ষেত্রেও একই ধরনের নজির তৈরি হতে পারে।