...|...|...

বিশ্ব

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম পেলেন মর্যাদাপূর্ণ ররি পেক পুরস্কার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ৩:১৬
Shares
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম পেলেন মর্যাদাপূর্ণ ররি পেক পুরস্কার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়াম দাগ্গাকে মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার দেওয়া হয়েছে। ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের জন্য দেওয়া এই পুরস্কারের আয়োজকেরা বুধবার এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ৩৩ বছর বয়সী মরিয়াম দাগ্গা ছিলেন একজন যুদ্ধ সংবাদদাতা। ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধের মানবিক মূল্য তুলে ধরার শক্তিশালী প্রতিবেদনের জন্য তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) আরও দুই সহকর্মী—আবদেল কারিম হানা ও জেহাদ আলশরাফির সাথে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন।

ররি পেক ট্রাস্ট এক বিবৃতিতে জানিয়েছে, গাজা যুদ্ধের মানবিক প্রভাব তুলে ধরার জন্য তাদের এই সম্মান দেওয়া হয়েছে।

মরিয়াম দাগ্গার কিশোর ছেলে গাইথ রয়েছে। ২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। ওই হামলায় আরও চার সাংবাদিকও প্রাণ হারান।

বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই স্বাধীন আলোকচিত্রী ও প্রতিবেদক হিসেবে এপির সাথে কাজ করছিলেন দাগ্গা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর এই যুদ্ধ শুরু হয়।

যুদ্ধের মধ্যে ব্যক্তিগত ক্ষতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন সাংবাদিকতার জন্য পরিচিত ছিলেন দাগ্গা। ২০১৮ সালে গাজার ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভের সময় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারীর মৃত্যুর দৃশ্য ধারণ করেছিলেন তিনি। পরে জানতে পারেন, নিহত ওই ব্যক্তি তার নিজের ভাই।

২০১৮ সালের ওই বিক্ষোভে গাজার সীমান্ত বেড়ার দিকে এগিয়ে যাওয়া বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে ২২০ জনের বেশি নিহত এবং ৯ হাজার ২০০ জনের বেশি আহত হন।

গত ২২ মাসের গাজা যুদ্ধেও সাংবাদিকতা চালিয়ে যান দাগ্গা। এ সময় তিনি এপি ও ইন্ডিপেনডেন্ট আরাবিয়ার সাথে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন।

এপির নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, “ঘটনা নথিবদ্ধ করা এবং মানুষকে তথ্য জানানোর ক্ষেত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন, অনেক সময় তাদের বিশাল ব্যক্তিগত ঝুঁকি নিতে হয়।”

তিনি আরও বলেন, “আমরা মরিয়াম এবং এই সংঘাতসহ অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিককে সম্মান জানাই। তাদের মৃত্যুর বিষয়ে জবাব খোঁজার প্রতিশ্রুতিও আমরা ধরে রাখছি।”

এদিকে প্রথমবার চালু হওয়া ররি পেক ফটোসাংবাদিকতা পুরস্কার পেয়েছেন ফরাসি আলোকচিত্রী রবিন টুটেঞ্জেস। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলের সংঘাত নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

সুদানের ফ্রিল্যান্স আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক আহমেদ মোহাম্মদ আবদাল্লাহও একই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তিনি এজেন্স ফ্রান্স-প্রেসের সাথে কাজ করেন এবং সুদানের গৃহযুদ্ধে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের হাতে এল ফাশের পতনের ঘটনা কভার করেছিলেন।

তবে যুক্তরাজ্য সরকার ভিসা না দেওয়ায় লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি আবদাল্লাহ।

অনুষ্ঠানে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি জানান, উত্তর দারফুরের অবরুদ্ধ রাজধানীতে প্রতিদিনের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বেঁচে থাকতে মানুষকে পশুখাদ্য পর্যন্ত খেতে হয়েছিল।

উত্তর আয়ারল্যান্ডের ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯৯৩ সালে মস্কোতে নিহত হন ররি পেক। ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের কাজকে সম্মান জানাতেই তার নামে এই পুরস্কার চালু করা হয়।