...|...|...

খেলা

২০৩৬ অলিম্পিক নিয়ে ভারতের বড় পরিকল্পনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৮
Shares
২০৩৬ অলিম্পিক নিয়ে ভারতের বড় পরিকল্পনা

ছবি: সংগৃহীত

২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ভারত। প্রথমবারের মতো অলিম্পিক আয়োজনের স্বপ্ন নিয়ে দেশটির পক্ষ থেকে গুজরাটের আহমেদাবাদকে সম্ভাব্য আয়োজক শহর হিসেবে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে নিজেদের পরিকল্পনা উপস্থাপনের পর ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা করছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনের কাছে অনলাইনে নিজেদের প্রস্তাবনা তুলে ধরে ভারত। উপস্থাপনা শেষে আইওএর প্রধান নির্বাহী কর্মকর্তা রঘুরাম আইয়ার সাংবাদিকদের বলেন, তাদের পরিকল্পনা উপস্থাপন বেশ ভালো হয়েছে। এ সময় তিনি আলোচনাকে প্রাথমিক ও সামগ্রিক পর্যায়ের বলে উল্লেখ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদকে অলিম্পিকের সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। শহরটি ২০৩০ সালের কমনওয়েলথ গেমসও আয়োজন করবে। অলিম্পিক আয়োজনের সক্ষমতা প্রমাণের ক্ষেত্রে এই আসরকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছে ভারত।

২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারতের সাথে রয়েছে আরও ছয়টি দেশ। সেগুলো হলো জার্মানি, হাঙ্গেরি, কাতার, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক। ফলে আয়োজক হওয়ার লড়াইয়ে ভারতকে বেশ কয়েকটি শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে প্রস্তাব উপস্থাপনের আগে অভ্যন্তরীণ নানা জটিলতায় পড়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। চলতি মাসের শুরুতে সংস্থাটির প্রশাসনিক ও পরিচালনাগত সমস্যাগুলো সমাধানের জন্য সতর্ক করে আইওসি। এর মধ্যে আইওএর সভাপতি পিটি ঊষা ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় বড় ধরনের জালিয়াতির অভিযোগও তুলেছেন তিনি।

রঘুরাম আইয়ার জানান, আইওসির সাথে এখনো ধারাবাহিক আলোচনা চলছে। এই পর্যায়ে সফল হলে আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে কৌশলগত আলোচনার পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ মিলতে পারে।

তিনি আরও বলেন, অলিম্পিকের মতো বিশাল আয়োজন করতে হলে শুধু একটি শহর বা রাজ্যের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য স্থানীয় প্রশাসন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক দেশের নাম চূড়ান্ত হতে পারে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পর। তবে সিদ্ধান্ত ঘোষণার সময় ২০২৯ সালের শুরুর দিকেও গড়াতে পারে বলে জানিয়েছেন আইওএর এই কর্মকর্তা।