...|...|...

রাজনীতি

শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৯:১০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১০:০৯
Shares
শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন না। তাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ প্রত্যর্পণ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তিনি নিজে থেকে দেশে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়। বরং প্রত্যর্পণের মাধ্যমে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

ভারতে শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, ভারতও বিষয়টি উপলব্ধি করতে পারছে। শেখ হাসিনা এখন দেশটির জন্যও অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন।

হুমায়ুন কবির বলেন, ভারতও শেখ হাসিনার ‘পাগলামি’ বুঝতে পারছে। তাকে নিয়ে তারাও বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে।

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর তিনি যদি এমন আচরণ করেন কিংবা উল্টাপাল্টা কথা বলেন যে তাকে বেরও করে দেওয়া যাচ্ছে না, আবার তার আচরণও সহ্য করতে হচ্ছে- তাহলে বিষয়টি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, অপরাধীদের ক্ষেত্রে দেশটির এক ধরনের নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের ক্ষেত্রে রয়েছে ভিন্ন নীতি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের বহু নেতাও দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন।

এরপর দুই বছরের বেশি সময় পেরিয়েছে। অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষে নির্বাচনে বিপুল বিজয় নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে বিএনপি।

এরই মধ্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেন তিনি। তবে তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।

শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ প্রকাশের মধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করলেন, স্বেচ্ছায় দেশে ফেরা নয়, প্রত্যর্পণের মাধ্যমেই তাকে ফিরিয়ে আনতে চায় সরকার।