দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট হিসেবে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬’। এতে টাইমস টুডেসহ অংশ নিচ্ছে দেশের ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান। টুর্নামেন্ট ঘিরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) আয়োজনে এবং বসুন্ধরা সিটি ২-এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। শনিবার (২৮ নভেম্বর) টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ফাইনালের প্রাইজমানি নিয়ে বিশেষ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
টুর্নামেন্টের স্লোগান রাখা হয়েছে ‘এবার জার্সি গায়ে মাঠ মাতানোর অপেক্ষা... খেলা হবে, বন্ধুত্ব হবে, জয় হবে ক্রীড়ার!’
এবারের আসরে অংশ নেওয়া ৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি সংবাদপত্র, ১০টি অনলাইন সংবাদমাধ্যম এবং একটি রেডিও স্টেশন।
অংশগ্রহণকারী টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে রয়েছে দীপ্ত টিভি, এটিএন বাংলা, দেশ টিভি, এনটিভি, চ্যানেল আই, মাছরাঙা টিভি, গ্রিন টিভি, আরটিভি, নাগরিক টিভি, ডিবিসি নিউজ, চ্যানেল ওয়ান, স্টার নিউজ, বাংলাভিশন, বিটিভি, এটিএন নিউজ, এখন টিভি, এশিয়ান টিভি, যমুনা টিভি, সময় টিভি ও টি স্পোর্টস।
সংবাদপত্র বিভাগে অংশ নিচ্ছে কালবেলা, ডেইলি টাইমস অব বাংলাদেশ, আমাদের সময়, আজকের পত্রিকা, সমকাল, যুগান্তর, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা ট্রিবিউন, দেশ রূপান্তর, ইত্তেফাক, নিউ নেশন, খবরের কাগজ, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান।
অনলাইন সংবাদমাধ্যমের তালিকায় রয়েছে- টাইমস টুডে, ক্রিকফ্রেঞ্জি, বিডিক্রিকটাইম, দ্য নিউজ, ঢাকা পোস্ট, দ্য ওয়েভ টোয়েন্টিফোর, ঢাকা জার্নাল, জাগোনিউজ টোয়েন্টিফোর, এশিয়া পোস্ট ও বাংলা নিউজ টোয়েন্টিফোর। রেডিও বিভাগে অংশ নিচ্ছে রেডিও ক্যাপিটাল।
খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে প্রতিটি ম্যাচেই রাখা হয়েছে অর্থ পুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচে ম্যাচসেরাসহ মোট ৩৬০টি পুরস্কার দেওয়া হবে। এই পর্বে প্রতিটি ম্যাচের বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দলের জন্য ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে ম্যাচসেরাসহ ২৪টি পুরস্কার থাকছে। এ পর্যায়ে বিজয়ী দল পাবে ৩৫ হাজার এবং পরাজিত দল ১৫ হাজার টাকা। কোয়ার্টার ফাইনালের চার ম্যাচে বিজয়ী দলকে দেওয়া হবে ১ লাখ টাকা, পরাজিত দল পাবে ৫০ হাজার টাকা। এই পর্বে ম্যাচসেরাসহ মোট ১২টি পুরস্কার রয়েছে।
সেমিফাইনালের দুই ম্যাচে পুরস্কারের অঙ্ক আরও বাড়বে। প্রতিটি ম্যাচে বিজয়ী দল পাবে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১ লাখ ৫০ হাজার টাকা। ম্যাচসেরাসহ এ পর্বে থাকছে ছয়টি পুরস্কার।
ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেও থাকছে আকর্ষণীয় পুরস্কার। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পাবেন ২ লাখ টাকা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা। এ ছাড়া সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস—প্রতিটি বিভাগে সেরা খেলোয়াড় পাবেন ২৫ হাজার টাকা করে।
খেলার পাশাপাশি টুর্নামেন্ট নিয়ে সংবাদ পরিবেশন ও সৃজনশীল কনটেন্ট তৈরির জন্যও থাকছে বিশেষ পুরস্কার। সেরা টিভি রিপোর্ট, সেরা পত্রিকা রিপোর্ট, সেরা ওয়েব রিপোর্ট এবং সেরা মাল্টিমিডিয়া কনটেন্ট—চার বিভাগে প্রত্যেক বিজয়ী পাবেন ২ লাখ টাকা করে। সবচেয়ে বেশি দেখা সাধারণ কনটেন্টের জন্য পুরস্কার ৩ লাখ টাকা। আর সেরা আলোকচিত্রী পাবেন ১ লাখ টাকা।
টাইমস টুডেসহ দেশের ৪৮টি গণমাধ্যমের অংশগ্রহণে এবারের আয়োজনটি শুধু ফুটবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে না; গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও উপলক্ষ হয়ে উঠছে এবিজি মিডিয়া কাপ।

